নিজস্ব প্রতিবেদক:
তেজাবি স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ১ হাজার ৯৮৩ টাকা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় মঙ্গলবার সকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৭৫৫ টাকা। ভ্যাটসহ প্রতি গ্রামের দাম পড়বে ১৯ হাজার ৯৫৫ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্যের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া অলংকার এক্সচেঞ্জ ও পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে যথাক্রমে ১২ শতাংশ ও ১৮ শতাংশ বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছে সংগঠনটি।
পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এ দর কার্যকর থাকবে।