আন্তর্জাতিক ডেস্ক:
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক ট্যাংকারে ড্রোন হামলায় এক ভারতীয় নাগরিক নিহত ও আরও ছয় ভারতীয় আহত হওয়ার ঘটনায় কূটনৈতিক প্রতিক্রিয়া হিসেবে ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি। মঙ্গলবার (১৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ পদক্ষেপ নেয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার সকালে নয়াদিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাসের উপপ্রধান মোহাম্মদ জাভেদ হোসেইনিকে তলব করা হয়। তবে বৈঠকে তাকে কী বার্তা দেওয়া হয়েছে, সে বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে হরমুজ প্রণালির ওমান উপকূলের কাছে সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাংকার—মোম্বাসা ও আল বাহিয়াহ—লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
হামলায় মোম্বাসা জাহাজে কর্মরত এক ভারতীয় নাবিক নিহত হন। এছাড়া আটজন আহত হন, যার মধ্যে ছয়জন ভারতীয় এবং দুজন ইউক্রেনের নাগরিক। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর দুটি জাহাজেই আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকারী দলকে ব্যাপক বেগ পেতে হয়েছে।
এক বিবৃতিতে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন উল্লেখ করে বলেছে, দেশটির ভূখণ্ড, নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নেওয়ার পূর্ণ অধিকার সংযুক্ত আরব আমিরাতের রয়েছে।
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বেড়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটে নিরাপত্তা পরিস্থিতির অবনতি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: এনডিটিভি