আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ মেরিটাইম এজেন্সির তথ্য অনুযায়ী, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি।
ব্রিটিশ সংস্থাটি জানিয়েছে, প্রথম হামলায় একটি তেলবাহী জাহাজে সামান্য আগুন ধরে যায় এবং এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। বড় ধরনের কোনো ক্ষতি না হওয়ায় জাহাজটি আবার গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।
এর কয়েক ঘণ্টা পর ওমানের পূর্বে আরেকটি তেলবাহী জাহাজও একই ধরনের অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। তবে ওই জাহাজের সব নাবিক নিরাপদে রয়েছেন। হামলায় পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।
হরমুজ প্রণালি বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি। বিশ্বের মোট তেল ও এলএনজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে যাতায়াত করত। যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর থেকেই গুরুত্বপূর্ণ এই জলপথটি সংঘাতের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে।
প্রতিবেদন অনুযায়ী, তেহরান হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দিচ্ছে এবং অনুমতি ছাড়া চলাচলকারী জাহাজ লক্ষ্য করে গুলি চালাচ্ছে। অন্যদিকে ইরানের তেল রপ্তানি বন্ধ করতে ওয়াশিংটন দেশটির বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করেছে।
হরমুজ প্রণালিতে পরপর দুটি তেলবাহী জাহাজে হামলার ঘটনায় আন্তর্জাতিক জাহাজ চলাচল ও জ্বালানি পরিবহন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।