আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের বিহারের বন্যাকবলিত সারান জেলায় বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণের প্যাকেট মাথায় পড়ে ৫৮ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) স্থানীয় সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিহত ব্যক্তির নাম অনিল কুমার সিং। শুক্রবার (২ অক্টোবর) সারানের পরশুরামপুর গ্রামের একটি ত্রাণকেন্দ্রের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বন্যাকবলিত এলাকায় দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করছিল ভারতীয় বিমানবাহিনী। দুর্গম ও পানিবন্দি এলাকায় পৌঁছাতে হেলিকপ্টার থেকে ত্রাণের প্যাকেট নিচে ফেলা হচ্ছিল।
মারহাওরার সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) সবিন্দ্র কুমার দাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টার থেকে ফেলা একটি ত্রাণের প্যাকেট ওই ব্যক্তির মাথায় আঘাত করে। এতে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশের আরেক কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) বিমলেশ কুমার জানান, গ্রামবাসীর কাছ থেকে তারা ওই ব্যক্তির মাথায় ত্রাণের প্যাকেট পড়ে মৃত্যুর খবর পেয়েছেন। তবে নিহতের মাথা বা শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন।
এদিকে একই সময় হেলিকপ্টারটি নিচ দিয়ে উড়ে যাওয়ার সময় সৃষ্ট প্রবল বাতাসে একটি বাড়ির টিনের চাল উড়ে যায়। সেটি এক নারীর পায়ে গিয়ে আঘাত করলে তিনি আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।
অনিল কুমার সিংয়ের মৃত্যুর পর ক্ষুব্ধ গ্রামবাসীরা তার মরদেহ মহাসড়কে রেখে বিক্ষোভ করেন। তারা ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।