হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ, মমতার বিরুদ্ধে এফআইআর

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। হাইকোর্টের নির্দেশ অমান্য, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কাজে বাধা দেওয়া এবং নির্ধারিত সময়ের পরও কর্মসূচি চালিয়ে যাওয়ার অভিযোগে শুক্রবার হেস্টিংস থানায় এ মামলা করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলকাতার ক্যাথিড্রাল রোডে আয়োজিত সমাবেশে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কর্মসূচির জন্য কলকাতা হাইকোর্ট কয়েকটি শর্ত নির্ধারণ করে দিয়েছিলেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, ক্যাথিড্রাল রোডের একটি অংশ যান চলাচলের জন্য খোলা রেখে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের পরও অনুষ্ঠান চলতে থাকে এবং রাস্তার একাংশ বন্ধ হয়ে যায় বলে অভিযোগ পুলিশের।

পুলিশের দাবি, সমাবেশ চলাকালে মমতার বক্তব্য ও ইশারার পর কর্মী-সমর্থকেরা ব্যারিকেড সরিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এতে ক্যাথিড্রাল রোডে যান চলাচল ব্যাহত হয়।

এ ঘটনায় আদালতের নির্দেশ অমান্যসহ পুলিশের কাজে বাধা দেওয়া এবং ধস্তাধস্তির অভিযোগে মমতা ও সমাবেশের আয়োজকদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারায় স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর দায়ের করেছে পুলিশ।

ভারতীয় রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও টিএমসিপির কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলায় অভিযোগ আনা হয়েছে।

এদিকে, ঘটনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মমতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। তিনি অভিযোগ করেন, সাবেক মুখ্যমন্ত্রী হাইকোর্টের নির্দেশ অমান্য করেছেন। এ ঘটনায় এফআইআর দায়েরের জন্য পুলিশকে নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি।

শুভেন্দু অধিকারী বলেন, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী কীভাবে হাইকোর্টের অর্ডার ভাঙলেন, তা আপনারা দেখেছেন। রাস্তার একটি অংশ খোলা রেখে সভা করার নির্দেশ দেওয়া হয়েছিল। আমি পুলিশকে এফআইআর রেজিস্টার করতে এবং তার বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার নির্দেশ দিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *