১২ গোলের পর ব্রাজিলের জালে প্রথমবার বল পাঠাল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক:

ফুটবলে ব্রাজিলের বিপক্ষে অস্ট্রেলিয়ার লড়াই হয়েছে এর আগে তিনবার। প্রতিবারই জয় পেয়েছে ব্রাজিল, আর অস্ট্রেলিয়ার জালে বল পাঠিয়েছে মোট ১২ বার। তবে এবার সেই ধারায় ছেদ পড়ার খুব কাছাকাছি গিয়েছিল সকারুরা। প্রথমবারের মতো ব্রাজিলের জালে বল পাঠিয়ে জয়েরও সম্ভাবনা তৈরি করেছিল তারা। শেষ পর্যন্ত যোগ করা সময়ে গোল হজম করে জয় হাতছাড়া হয় অস্ট্রেলিয়ার।

২০০৬ বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছিল ব্রাজিল। দলের হয়ে গোল করেছিলেন আদ্রিয়ানো ও ফ্রেড।

এরপর ২০১৩ সালে কুইন্সল্যান্ডে দ্বিতীয়বার মুখোমুখি হয় দুই দল। সেবার অস্ট্রেলিয়াকে রীতিমতো উড়িয়ে দেয় ব্রাজিল। জোড়া গোল করেন জো। এছাড়া নেইমার, লুইজ গুস্তাভো, রামিরেস ও আলেক্সান্দ্রো পাতো একটি করে গোল করেন। ম্যাচটি শেষ হয় ৬-০ ব্যবধানে।

২০১৭ সালের জুনে তৃতীয়বারের দেখায়ও জয় পায় ব্রাজিল। ডিয়েগো সুজা ম্যাচের প্রথম মিনিটে ও শেষ মুহূর্তে গোল করেন। এছাড়া টাইসন ও থিয়াগো সিলভা একটি করে গোল করেন। ব্রাজিল জয় পায় ৪-০ ব্যবধানে।

অর্থাৎ আগের তিন ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো গোল হজম না করে ১২ গোল করেছিল ব্রাজিল। এবার সেই অস্ট্রেলিয়াই প্রথমবারের মতো ব্রাজিলের জালে বল পাঠায়।

কুইন্সল্যান্ডের ম্যাচে ৬৮তম মিনিটে নেস্তরি ইরানকুন্দারের শট ব্রাজিলের জালে জড়ালে ইতিহাসের খাতায় নাম লেখায় অস্ট্রেলিয়া। প্রথমবার ব্রাজিলের বিপক্ষে গোল করে তখন জয়ের স্বপ্ন দেখছিল সকারুরা।

তবে নির্ধারিত সময়ের পর যোগ করা পঞ্চম মিনিটে সেই স্বপ্ন ভেঙে যায়। কর্নার থেকে রাফিনিয়ার ক্রসে হেড করে গোল করেন রায়ান। ফলে শেষ মুহূর্তের গোলে ম্যাচটি সমতায় শেষ হয়।

আগামী ২৯ সেপ্টেম্বর আবারও মুখোমুখি হবে ব্রাজিল ও অস্ট্রেলিয়া। দুই দলের ইতিহাসে এবারই প্রথম এত অল্প সময়ের ব্যবধানে আবার একে অপরের বিপক্ষে মাঠে নামবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *