সাঈদ হাসান সানি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ১৪১ জামালপুর–০৪, সরিষাবাড়ী আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছয় (০৬) জন।
১২ ফেব্রুয়ারি সারাদিন জননিরাপত্তার সঙ্গে সুষ্ঠু ও নির্বিঘ্নে ভোট গ্রহণ পরিচালনার কার্যক্রমে পূর্ণ সহযোগিতা করার বিষয়ে সরিষাবাড়ী আসনের ছয় (০৬) জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতিশ্রুতিবদ্ধ। আজ ০৮/০২/২০২৬ ইং তারিখে প্রশাসন কর্তৃক আয়োজিত জরুরি আলোচনা শেষে সম্মানিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ পরস্পরের সঙ্গে অঙ্গীকার ব্যক্ত করেন। নির্বাচন পরবর্তীতেও শৃঙ্খলা বজায় রাখতে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। কাজেই নির্বাচন পরবর্তীতে কোনো ধরনের হামলা, মামলা ও সহিংসতার শিকার হওয়ার সুযোগ নেই। প্রশাসনের পক্ষ থেকেও শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে বদ্ধপরিকর থাকার কথা জানানো হয়।
সরিষাবাড়ী আসনের সর্বস্তরের জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি—নিরব ভয়কে জয় করুন, আপনারা ভোটকেন্দ্রে আসুন, ভোটাধিকার প্রয়োগ করুন এবং পছন্দের প্রার্থীকে নির্বাচিত করুন। নির্বিঘ্নে ভোট প্রয়োগ করে সুশৃঙ্খল সরিষাবাড়ী গড়ে তুলতে সকল নাগরিকের প্রতি আহ্বান জানানো হয়।
এতে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম অন্যান্য প্রার্থীদের সঙ্গে নিয়ে ও তাদের সমর্থনের মাধ্যমে শপথ বাক্যের গুরু দায়িত্ব পালন করেন। শপথ বাক্যে তিনি বলেন, ভোটারদের রায় মেনে নিয়ে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, প্রতিহিংসামুক্ত পরিবেশ, শান্তি-নিরাপত্তা, সুশাসন, ন্যায়বিচার ও ন্যায়পরায়ণতার মাধ্যমে সরিষাবাড়ী গঠনে এবং সার্বিক ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধশালী সরিষাবাড়ী গড়ে তুলতে বিজয়ী প্রার্থীকে ঐক্যবদ্ধভাবে সর্বাত্মক সহযোগিতা করব—ইনশাআল্লাহ।
পরিশেষে সকল প্রার্থী একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করেন এবং যার যার অবস্থান থেকে শৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।