কামরুল ইসলাম:
চট্টগ্রামে বিশ্বের সর্ববৃহৎ ১৯ দিনব্যাপী চুনতি সীরাত মাহফিলের ৫৬তম আসর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাহফিলটি আগামী ২৫ আগস্ট শুরু হয়ে ১২ সেপ্টেম্বর ২০২৬ শেষ মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এ উপলক্ষে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাত ৮টায় প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মোতাওয়াল্লি কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুর ইসলাম আবুল কালাম আজাদ।
সভায় উদ্বোধনী বক্তব্য দেন চুনতি সীরাত মাহফিলের সাংগঠনিক সম্পাদক শাহাজাদা ইবনে দিনার নেজাম। প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া-সাতকানিয়া আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, শান্তির বার্তাবাহক ও উন্নয়নের কাণ্ডারি চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। এ সময় বক্তব্য দেন মাঈনুদ্দিন ছিদ্দিকী, চিকিৎসক মাহমুদুর রহমান এবং মিডিয়া কমিটির প্রধান আবু তৈয়ব মো. বেদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি সীরাত কমিটির আয়োজনে ১৯ দিনব্যাপী ঐতিহাসিক সীরাত মাহফিল দেশের ইসলামপ্রিয় তৌহিদী জনতার অন্যতম বৃহৎ ইসলামী আয়োজন। প্রতিবছর এ মাহফিলে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে। সভায় আবু সুফিয়ান এমপি বলেন, চুনতি সীরাত মাহফিলের ঘোষণা হলেই দেশের ইসলামপ্রিয় তৌহিদী জনতার মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। পবিত্র কোরআনের সুমহান বাণী ও তাফসির শোনার জন্য ধর্মপ্রাণ মানুষ দিন-তারিখ গণনা করতে থাকেন। এবারের মাহফিল আরও উৎসাহ-উদ্দীপনাময় ও সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় হাফেজ আহমদ (রহ.)-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় তাঁর জন্য মহান আল্লাহর দরবারে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করা হয়। চুনতি সীরাত মাহফিল কমিটি সূত্রে জানা যায়, আগামী ২৫ আগস্ট থেকে শুরু হওয়া ১৯ দিনব্যাপী এ মাহফিল ১২ সেপ্টেম্বর ২০২৬ শেষ মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হবে। মাহফিলকে সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।