স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ব্যয় এবং সংশ্লিষ্ট নীতিমালা চূড়ান্ত করেছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) নতুন হজ প্যাকেজ ঘোষণা করেন।
ঘোষিত প্যাকেজ অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য সর্বনিম্ন ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এছাড়া উন্নত আবাসন ও অতিরিক্ত সুযোগ-সুবিধাসহ বিশেষ প্যাকেজের মূল্য রাখা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, সরকারি প্যাকেজ-১-এর আওতায় হজযাত্রীরা মক্কায় পবিত্র হারাম শরিফ থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে আবাসনের সুবিধা পাবেন। মদিনায় তাদের থাকার ব্যবস্থা থাকবে মারকাজিয়া এলাকায়। এছাড়া মিনায় জোন-২ এলাকায় তাঁবুর ব্যবস্থা এবং মিনা-আরাফায় সার্ভিস প্যাকেজ-৩ অনুযায়ী খাদ্য ও মোয়াল্লেম সেবা নিশ্চিত করা হবে। এ প্যাকেজে সৌদি আরবে অবস্থানের সময়সীমা সাধারণত ৩৫ থেকে ৪০ দিন। প্রয়োজনে অতিরিক্ত অর্থ পরিশোধ করে উন্নত কক্ষ বা স্বল্পমেয়াদি প্যাকেজ গ্রহণের সুযোগও থাকবে।
অন্যদিকে, ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা মূল্যের সাশ্রয়ী সরকারি প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটার দূরে এবং মদিনায় মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা রাখা হয়েছে। হোটেলের দূরত্ব দুই কিলোমিটারের বেশি হলে সৌদি সরকারের বিধান অনুযায়ী সালাওয়াত বাসের সুবিধা দেওয়া হবে। এ প্যাকেজের হাজিদের জন্য মিনায় জোন-৫ এলাকায় তাঁবুর ব্যবস্থা থাকবে।
বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের ক্ষেত্রেও নতুন নীতিমালা নির্ধারণ করেছে ধর্ম মন্ত্রণালয়। সাধারণ বেসরকারি প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে সর্বোচ্চ তিন কিলোমিটার এবং মদিনায় মসজিদে নববী থেকে এক কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রতি কক্ষে সর্বোচ্চ ছয়জন থাকার সুযোগ থাকবে এবং নির্ধারিত দূরত্বের বাইরে হলে হাজিদের জন্য বাসসেবা বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়া তালিকাভুক্ত হজ এজেন্সিগুলো সরকারি সাধারণ প্যাকেজের তুলনায় কম সুবিধা দিয়ে কোনো প্যাকেজ ঘোষণা করতে পারবে না। তবে পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে তারা অতিরিক্ত তিনটি উন্নত প্যাকেজ পরিচালনার সুযোগ পাবে।
ধর্মমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সাশ্রয়ী, মানসম্মত ও মানবিক হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবার হজ ফ্লাইটের বিমানভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমানো হয়েছে। ফলে ২০২৭ সালের জন্য বিমানভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা। তুলনামূলকভাবে ২০২৫ সালে এ ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, আর ২০২৩ সালে ছিল প্রায় ২ লাখ টাকা।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের ব্যয় কমানোর পাশাপাশি আবাসন, পরিবহন ও সার্বিক সেবার মান উন্নত করতেই নতুন এই হজ প্যাকেজ ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে। সরকারের আশা, এসব উদ্যোগের মাধ্যমে ২০২৭ সালের হজ ব্যবস্থাপনা আরও সাশ্রয়ী, সহজ এবং ভোগান্তিমুক্ত হবে।