২২ ভরি স্বর্ণ নিয়ে পলাতক ব্যবসায়ী ঢাকায় আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে চারটি জুয়েলারি দোকান থেকে গ্রাহককে দেখানোর কথা বলে নেওয়া প্রায় ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়া ব্যবসায়ী রণজিত পালকে ঢাকার থেকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে স্বর্ণালংকারগুলোও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রণজিতকে আটকের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আলমগীর হোসেন ও জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার। এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকার থেকে তাকে আটক করা হয়।

আটক রণজিত পাল লক্ষ্মীপুর বাজারের স্বর্ণকার সড়কের পাল শিল্পালয়ের স্বত্বাধিকারী। তিনি পরিবার নিয়ে শহরের শাঁখারিপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার বাড়ি শরীয়তপুর জেলায়।

ব্যবসায়ীদের অভিযোগ, রণজিত প্রায় ৩০ বছর ধরে লক্ষ্মীপুর বাজারে স্বর্ণ ব্যবসা করে আসছিলেন। অন্য ব্যবসায়ীদের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। তিনি বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে গহনা এনে গ্রাহকদের দেখানোর পাশাপাশি বিক্রিও করতেন।

ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রণজিত চারটি দোকান থেকে গ্রাহককে দেখানোর কথা বলে প্রায় ২২ ভরি স্বর্ণালংকার নেন। পরে তিনি সেগুলো ফেরত দেননি। তার দোকান খোলা থাকলেও সন্ধ্যা পর্যন্ত তাকে কোথাও পাওয়া যায়নি। ভাড়া বাসাতেও তাকে পাওয়া যায়নি। পরে স্থানীয়রা জানতে পারেন, তিনি সপরিবারে পালিয়ে গেছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন—তমা শিল্পালয়ের পলাশ কুরী, বণিক শিল্পালয়ের সাগর বণিক, পুনম শিল্পালয়ের ঝুটন কুরী ও শিবানী শিল্পালয়ের অসীম কর।

পলাশ কুরী বলেন, স্বর্ণ নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় রণজিতের বিরুদ্ধে তিনি লিখিত অভিযোগ করেছেন। পুলিশ তাকে আটক করেছে।

জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার বলেন, বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে ২২ ভরি স্বর্ণ নিয়ে পলাতক ব্যক্তিকে ঢাকা থেকে আটক করেছে লক্ষ্মীপুর জেলা পুলিশ। পুরো স্বর্ণসহ তাকে আটক করা হয়েছে। এ জন্য তিনি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন বলেন, অভিযুক্ত ব্যক্তিকে ঢাকা থেকে আটক করা হয়েছে। তাকে লক্ষ্মীপুরে আনা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *