২৬ নভেম্বর শুরু গুলশান ক্লাব অলিম্পিয়াড

ক্রীড়া প্রতিবেদক:

আগামী ২৬ নভেম্বর শুরু হচ্ছে ষষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৬। এবারের আয়োজনে নতুন করে যুক্ত হচ্ছে মিনি ম্যারাথন ও অকশন ব্রিজ। ১০ দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের ২৫টি ক্লাবের ১ হাজার ২৫০ জন প্রতিযোগী অংশ নেবেন।

রোববার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশান ক্লাবের ক্রিস্টাল প্যালেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা। আগামী ২৬ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এ ক্রীড়া উৎসব। আয়োজকরা জানান, ২০১৯ সালে যাত্রা শুরু করা গুলশান ক্লাব অলিম্পিয়াডের পরিসর প্রতিবছরই বাড়ছে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এবারের অলিম্পিয়াডে মোট ১৯টি ইভেন্টে প্রতিযোগিতা হবে। এর মধ্যে রয়েছে– আর্ম রেসলিং, অকশন ব্রিজ, ব্যাডমিন্টন, নারী বাস্কেটবল, বিলিয়ার্ডস, টি-টেন ক্রিকেট, দাবা, সাতজনের ফুটবল, গলফ, মিনি ম্যারাথন, প্যাডেল, পুল, পাওয়ার লিফটিং, কুইজ, স্কোয়াশ, পুরুষদের সাঁতার, টেনিস ও টেবিল টেনিসসহ বিভিন্ন খেলা। আয়োজকরা জানান, এবারের আসরে নতুন দুই ইভেন্ট যুক্ত হওয়ায় প্রতিযোগীদের অংশগ্রহণের সুযোগ আরও বাড়বে। পাশাপাশি ক্রিকেট, ফুটবল, প্যাডেল, বাস্কেটবল ও মিনি ম্যারাথন থাকবে বিশেষ আকর্ষণ হিসেবে। গলফ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কুর্মিটোলা গলফ ক্লাবে।

সংবাদ সম্মেলনে গুলশান ক্লাব ও আয়োজক কমিটির সভাপতি এম এ কাদের (অনু) বলেন, এ আয়োজনের ঐতিহ্য ধরে রাখতে পেরে আমরা গর্বিত। এবার আরও বড় পরিসরে অলিম্পিয়াড আয়োজন করা হচ্ছে। বিভিন্ন সামাজিক ক্লাবকে এক সুতোয় বাঁধা এবং সদস্যদের মধ্যে সৌহার্দ্য তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। তিনি বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, এবারের আসর হবে এখন পর্যন্ত সবচেয়ে বড় আয়োজন। আয়োজক কমিটির চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমরা চাই এবারের অলিম্পিয়াড আরও উৎসবমুখর ও জমকালো হোক। অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ার পাশাপাশি খেলাধুলা ও বন্ধুত্বের এক আনন্দময় পরিবেশ তৈরি হবে বলে আশা করছি। তিনি আরও বলেন, এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ হবে ক্রিকেট, ফুটবল, প্যাডেল, বাস্কেটবল ও মিনি ম্যারাথন। পাশাপাশি কুর্মিটোলা গলফ ক্লাবে গলফ প্রতিযোগিতার আয়োজন করা হবে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা স্মরণীয় ক্রীড়া অভিজ্ঞতা পাবেন।

এবারের অলিম্পিয়াডে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। প্লাটিনাম পার্টনার ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। এছাড়া বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, হাসপাতাল ও করপোরেট প্রতিষ্ঠান পার্টনার হিসেবে যুক্ত হয়েছে।

প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ প্রতিদিন ও ডেইলি সান, দৈনিক যুগান্তর, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য ডেইলি অবজারভার, দৈনিক ইত্তেফাক, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস। ইলেকট্রনিক মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন, এটিএন বাংলা, চ্যানেল আই ও বৈশাখী টিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *