৩৫ বছর পর জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতায় মির্জা ফখরুল ও অলি আহমদ

মোঃআনজার শাহ

দীর্ঘ ৩৫ বছর পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ ২০ আগস্ট, বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এই ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
ভোটগ্রহণ শুরুর আগে প্রধান নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোটদানের নিয়ম ও প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন। এরপর সংসদ কক্ষের নির্ধারিত স্থানে রাখা ব্যালটবাক্সে প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম; জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল; প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁদের পর একে একে ভোট দিচ্ছেন অন্য সংসদ সদস্যরাও।

এই ঐতিহাসিক নির্বাচনে মুখোমুখি লড়ছেন দুই প্রার্থী  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বীর বিক্রম।

সিইসি জানিয়েছেন, এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন। ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা করে উভয় প্রার্থীর প্রাপ্ত ভোট, বাতিল বা নষ্ট ভোটের সংখ্যা এবং সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এরপর নবনির্বাচিত রাষ্ট্রপতির নামে সরকারি গেজেট প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *