৩৬ বছরের দখলীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা, ফৌজদারি ১৪৫ ধারায় মামলা

বিশেষ প্রতিনিধি:

চাঁদপুরের শাহরাস্তিতে ৩৬ বছর ধরে ভোগদখলে থাকা পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে আদালতে আবেদন করেছেন মোঃ রহমত উল্যাহ (৩০)। আবেদনের পরিপ্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

গত ১ নভেম্বর চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজ্জলা রানী চাকমা এ আদেশ দেন। বিরোধপূর্ণ জমির প্রকৃত দখল পরিস্থিতি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য শাহরাস্তির সহকারী কমিশনার (ভূমি) এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে দায়ের করা আবেদনে প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করা হয়েছে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া গ্রামের মোঃ আবুল হোসেন (৬৩), দেলোয়ার হোসেন (৫৭), ইমাম হোসেন (৫২), ইকবাল হোসেন (৬৫) ও মোস্তাফিজ (৪৫)-কে। প্রথম চারজনের পিতা মৃত আঃ মোতালেব এবং মোস্তাফিজের পিতা নুরুল ইসলাম।

আবেদনে রহমত উল্যাহ উল্লেখ করেন, শাহরাস্তি উপজেলার ১০৪ নম্বর সূচীপাড়া মৌজার বিএস ৬৬৯ নম্বর খতিয়ান ও ১১৮৬ নম্বর খারিজি খতিয়ানভুক্ত ১৭৭৯ নম্বর হাল দাগের মোট ০.৮ একর জমি তাঁর পিতা শমসের আলীর মালিকানাধীন ও দখলীয় সম্পত্তি ছিল। পরবর্তীতে পৈতৃক ওয়ারিশ সূত্রে তিনি ওই জমির মালিকানা ও দখল লাভ করেন। প্রায় ৩৬ বছর ধরে জমিটি তাঁদের পরিবারের দখলে রয়েছে বলে আবেদনে দাবি করা হয়েছে। জমির চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণ করে তাঁরা ভোগদখল করে আসছেন বলেও উল্লেখ করা হয়।

অভিযোগে বলা হয়, গত ৩১ অক্টোবর সকাল ৯টার দিকে প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি বিরোধপূর্ণ জমিতে বাঁশের বেড়া দেওয়ার চেষ্টা করেন। এ সময় সীমানাপ্রাচীরের গেট ভাঙচুর এবং জমি থেকে উচ্ছেদের চেষ্টা করা হয়। এতে বাধা দিলে বাদী ও সাক্ষীদের হুমকি দেওয়া হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

এ ঘটনায় প্রতিকার চেয়ে উল্লিখিত পাঁচজনকে প্রতিপক্ষ করে আদালতে আবেদন করেন রহমত উল্যাহ।

আদালতের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি), শাহরাস্তিকে বিরোধপূর্ণ জমির বর্তমান দখল পরিস্থিতি সরেজমিনে তদন্ত করে মতামতসহ ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে ফৌজদারি কার্যবিধির ১৪৫(১) ধারার বিধান অনুযায়ী উভয় পক্ষকে জমির দখলসংক্রান্ত বিষয়ে লিখিত বক্তব্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া বিরোধকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শাহরাস্তি মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।

উল্লেখ্য, ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় জমির দখল নিয়ে বিরোধের কারণে শান্তিভঙ্গের আশঙ্কা দেখা দিলে ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *