ক্রীড়া প্রতিবেদক:
গেম ডেভেলপমেন্ট ট্রফির (জিডি ট্রফি) দ্বিতীয় ম্যাচে দারুণ লড়াইয়ের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে ৪ রানে হারিয়েছে অনূর্ধ্ব-১৯ দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ ওভারে গিয়ে রোমাঞ্চকর জয় নিশ্চিত করে টাইগার যুবারা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অনূর্ধ্ব-১৯ দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার মোহাম্মদ আব্দুল্লাহ আল মুহি ও এসকে জারিফ সিয়াম। জারিফ ২৩ বলে ১৯ রান করে ফিরে যান। একই ওভারে আউট হন তিন নম্বরে নামা আদ্রিতোও।
এক প্রান্ত ধরে খেলতে থাকা মুহি ফিফটির আগে থামেন। ৪৬ বলে করেন ৪০ রান। এরপর আহসান আল মুমিন ৫৬ বলে ৩৭ রান করেন। মাঝের দিকে দলের হাল ধরেন রবিউল হাসান অনিক। ফারহান সাদিক ২৬ বলে ২৯ এবং আল রাফি ১৫ বলে ১২ রান করেন।
শেষ পর্যন্ত অনিকের ব্যাটে ভর করে ২০০ পেরিয়ে যায় অনূর্ধ্ব-১৯ দল। ৮২ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন তিনি। নির্ধারিত ইনিংস শেষে ২২৬ রানে অলআউট হয় অনূর্ধ্ব-১৯ দল।
অনূর্ধ্ব-২৩ দলের হয়ে শেখ পারভেজ জীবন ৩টি উইকেট নেন। আজিজুল হাকিম তামিম ও আহরার আমিন পিয়ান পান ২টি করে উইকেট। একটি উইকেট নেন মাহফুজুর রাব্বি।
২২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু করে অনূর্ধ্ব-২৩ দল। খালিদ হাসান ও জাওয়াদ আবরারের ব্যাটে এগিয়ে যেতে থাকে তারা। খালিদ ২৮ বলে ৩৪ রান করে আউট হন।
তিন নম্বরে নামা আজিজুল হাকিম তামিম অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি। ৪৫ বল মোকাবিলা করে করেন ২৮ রান। জাওয়াদ আবরার ৩০ বলে ২৬ রান করেন। এরপর কালাম সিদ্দিকী অ্যালিন ৪৫ বলে ৩২ রান করে ফেরেন।
মাঝে আহরার আমিন পিয়ান ও রিজান হোসাইনের জুটি দলকে জয়ের পথে রাখে। আহরার ২৪ বলে ২৫ রান করে আউট হন। রিজান ৭৫ বলে ৪৪ রান করেন।
শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বি জয়ের চেষ্টা চালালেও শেষ পর্যন্ত সফল হননি। ২৬ বলে করেন ১৬ রান। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ রান, হাতে ছিল মাত্র ১ উইকেট। প্রথম বলে কোনো রান না হলেও দ্বিতীয় বলে আসে ১ রান। তৃতীয় বলেই উইকেট হারিয়ে ২২২ রানে থেমে যায় অনূর্ধ্ব-২৩ দল।
অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বল হাতে সবচেয়ে সফল আবদুর রহিম। তিনি ৪টি উইকেট নেন। আল রাফি ও তাফিউল আলম তামিম পান ২টি করে উইকেট। একটি করে উইকেট নেন এসকে জারিফ সিয়াম ও রবিউল হাসান অনিক।
ফলে রোমাঞ্চকর লড়াই শেষে ৪ রানের জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।