মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ:
৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমবায় দপ্তরের উদ্যোগে। শনিবার (১ নভেম্বর ২০২৫) সকাল ১০:৩০টায় সার্কিট হাউসে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “সমবায় শুধু আমাদের আর্থিক দৈন্যদশা থেকে মুক্তির সংগ্রামের একটি মাধ্যমই ছিল না; এটি দেশের সাম্য ও সমতায় অগ্রগতির শক্তিশালী মাধ্যম। এবারের জাতীয় সমবায়ের প্রতিপাদ্য ‘সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’। দেশের মাদক, অপরাধ ও শিক্ষাসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সমবায়ের শক্তির বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “যারা সমবায়ের সঙ্গে যুক্ত আছেন, তাদের দেশের সাংস্কৃতিক ও সামাজিক পরিপ্রেক্ষিত বিবেচনায় কাজ করতে হবে। সমবায়ের মাধ্যমে গড়ে ওঠা সুদৃঢ় বন্ধন ও সম্পর্ক আমাদের সমাজে দৃঢ় ভিত্তি প্রদান করে। এই শক্তি ব্যবহার করে আমরা মাদক, সন্ত্রাস, অপরাধ ও শিক্ষাসহ সকল চ্যালেঞ্জ অতিক্রম করতে পারব। আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং দৃঢ় বিশ্বাস করি, আমরা এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে সক্ষম হব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরিন, জেলা সমবায় অফিসার মো আবু জাফর মিয়া, উপ-সহকারি নিবন্ধক মো নাজমুল হুদা, পরিদর্শক খন্দকার তোফাজ্জল হোসেন, সদর উপজেলা সমবায় অফিসার নাজমুল হক, বিকেএমই সভাপতি মো. হাতেম, নারায়ণগঞ্জ কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান মাজহারুল ইসলাম জুসেফসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি।
দিবসটি উদযাপনের মাধ্যমে সমবায়ের গুরুত্ব, সামাজিক বন্ধন ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়গুলো তুলে ধরা হয়েছে, যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।