Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
৫ বছরেই মুছে যাবে বরুড়াবাসীর ১৫ বছরের বঞ্চনা’ : গণপূর্তমন্ত্রী - দৈনিক স্বাধীন সংবাদ

৫ বছরেই মুছে যাবে বরুড়াবাসীর ১৫ বছরের বঞ্চনা’ : গণপূর্তমন্ত্রী

 

মোঃআনজার শাহ:

কুমিল্লা-৮ (বরুড়া) আসনের মানুষের দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা দূর করে আগামী পাঁচ বছরের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনার অঙ্গীকার করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তিনি বলেছেন, গত ১৫ বছরে বরুড়ায় যত কাজ হয়েছে, তার চেয়ে বেশি উন্নয়ন আগামী পাঁচ বছরে করতে না পারলে তিনি রাজনীতি করবেন না।

সম্প্রতি বরুড়াবাসীর উদ্দেশে দেওয়া এক বক্তব্যে আত্মবিশ্বাসের সঙ্গে মন্ত্রী বলেন, “গত ১৫ বছরের চেয়ে বেশি কাজ যদি আগামী ৫ বছরে বরুড়ায় করতে না পারি, তাহলে রাজনীতিই করব না।”
মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর নিজ নির্বাচনী এলাকার উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়ার এই ঘোষণা স্থানীয় মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তাঁর বক্তব্যে উন্নয়নের একটি বিস্তৃত পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে। অবকাঠামো নির্মাণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, নাগরিকসেবা, কর্মসংস্থান ও মানুষের জীবনমান উন্নয়নকে তিনি অগ্রাধিকার দিতে চান।

ঐতিহ্য, সম্ভাবনা ও জনসম্পদের দিক থেকে বরুড়া কুমিল্লার একটি গুরুত্বপূর্ণ উপজেলা। কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা এবং প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল এই জনপদের মানুষের দীর্ঘদিনের দাবির মধ্যে রয়েছে উন্নত যোগাযোগব্যবস্থা, সড়ক সংস্কার, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, শিক্ষাপ্রতিষ্ঠানের আধুনিকায়ন, জলাবদ্ধতা নিরসন ও তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

বরুড়াবাসীর প্রত্যাশা, রাজনৈতিক প্রতিশ্রুতির পাশাপাশি দ্রুত বাস্তবায়ন হবে এসব উন্নয়নকাজ। বিশেষ করে দীর্ঘদিনের অবহেলিত সড়ক যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও নাগরিক অবকাঠামোর উন্নয়ন হলে এর সুফল সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাবে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি নিজ নির্বাচনী এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে জাকারিয়া তাহের সুমনের। সেই সুযোগ কাজে লাগিয়ে বরুড়াকে একটি পরিকল্পিত, আধুনিক ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা করছেন স্থানীয়রা।

রাজনীতিতে পদ-পদবি বা ক্ষমতার চেয়ে মানুষের জন্য কাজ করাকেই অগ্রাধিকার দেওয়ার বার্তা দিয়েছেন মন্ত্রী। তাঁর “পাঁচ বছরে ১৫ বছরের চেয়েও বেশি কাজ করতে না পারলে রাজনীতি করব না” এই বক্তব্য এখন বরুড়াবাসীর প্রত্যাশার কেন্দ্রে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *