বাব এল-মান্দেব ঘিরে ইরানের বিপ্লবী গার্ডের তৎপরতা

আন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালির আশপাশের এলাকা পরিদর্শন করেছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) বিশেষজ্ঞরা। হুথিদের নিয়ন্ত্রণে থাকা ওই এলাকায় রাডার স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনের পাশাপাশি পাহাড়ি এলাকায় সুড়ঙ্গ খননের কাজও তারা তদারকি করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) হুথিদের দুটি সামরিক সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করে এএফপি।

সূত্রগুলো জানায়, ইরানের বিশেষজ্ঞরা বাব এল-মান্দেব এলাকা ছাড়াও ইয়েমেনের মোখা নৌবন্দর ও বিমানবন্দর এবং মোখার পূর্বাঞ্চলে অবস্থিত জাবাল আল-নার সামরিক ক্যাম্প পরিদর্শন করেন। তারা হোদেইদা থেকে এসে বৃহস্পতিবার ও শুক্রবার পৃথকভাবে এসব এলাকা পরিদর্শন করেন বলে সূত্রগুলোর দাবি।

হুথি সূত্রের ভাষ্য অনুযায়ী, মোখা ও বাব এল-মান্দেবকে ঘিরে পাহাড়ি এলাকায় সুড়ঙ্গ খননের কাজ তদারকি করেছেন ইরানের বিশেষজ্ঞরা। একই সঙ্গে মোখার কাছে এবং দক্ষিণ লোহিত সাগরের জুকার দ্বীপে রাডার স্থাপনের বিষয়েও তারা কাজ করেছেন বলে জানা গেছে।

রাডার স্থাপন করা হলে ওই অঞ্চল দিয়ে চলাচলকারী ড্রোন ও যুদ্ধবিমান শনাক্তে তা ব্যবহার করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

এদিকে বাব এল-মান্দেবের কাছের কাহবুব পাহাড়ি এলাকায় হুথি ও ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে লড়াই তীব্র হয়েছে বলে জানিয়েছে সরকারি বাহিনীর সূত্র। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই পাহাড়ি এলাকা থেকে বাব এল-মান্দেব প্রণালির ওপর নজরদারি করা যায়।

ইয়েমেনে গত জুলাই থেকে সংঘাত নতুন করে তীব্র হয়েছে। সাম্প্রতিক লড়াইয়ে হতাহতের পাশাপাশি বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বাব এল-মান্দেব ও লোহিত সাগরের উপকূলীয় অঞ্চলে হুথিদের সামরিক অবস্থান জোরদারের ঘটনাকে ঘিরে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়েও উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *