মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ:
নারায়ণগঞ্জ শহরে শীতলক্ষ্যা নদীর উপর কদম রসূল ব্রিজ নির্মাণের জন্য খাদ্য মন্ত্রণালয়ের জমি হস্তান্তরের লক্ষ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করা হয়েছে। সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হওয়ায় দীর্ঘদিনের অপেক্ষা অবশেষে পূর্ণতা পেয়েছে।
স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিইও মোঃ জাকির হোসেন এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আজগর হোসেন। অনুষ্ঠানটি সিটি কর্পোরেশনের ৫নং গুদারাঘাট এলাকায় অনুষ্ঠিত হয়। এসময় সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সিটি কর্পোরেশনের কর্মকর্তা সূত্র জানিয়েছেন, কদম রসূল ব্রিজ নির্মাণ সম্পন্ন হলে শীতলক্ষ্যা নদীর উপর যানজট কমানো এবং শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও, স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের জন্য সুবিধা বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে প্রকল্পটির জন্য জমি হস্তান্তরের বিষয়ে সমঝোতা না হওয়ায় কাজ শুরু করা সম্ভব হয়নি। এখন MoU স্বাক্ষরের মাধ্যমে ব্রিজ নির্মাণ কার্যক্রম শুরু করতে সব বাধা দূর হয়েছে।