মনজুরুল ইসলাম:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের মধ্য বাশঁহাটি গ্রামে পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে শিং মাছ নিধনের অভিযোগ উঠেছে। ঘটনা ঘটেছে গত শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, পুকুরজুড়ে ভাসছে শত শত মৃত শিং মাছ। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন ওই গ্রামের মাছচাষি জহিরুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিনশ মণ শিং মাছ মারা গেছে। খবর পেয়ে নান্দাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভোরে পুকুরে ভেসে ওঠা বিপুল পরিমাণ মৃত মাছ দেখে হতবাক হয়েছেন জহিরুল ইসলাম। তিনি জানান, তিনি ১ একর ৪০ শতাংশ আয়তনের পুকুরে শিং মাছ চাষ করছিলেন। “এক রাতেই প্রায় ৩০ লাখ টাকার মাছ মারা গেল। পূর্বশত্রুতার জেরেই এ ঘটনা ঘটানো হয়েছে,” বলেন তিনি।
জহিরুল ইসলাম অভিযোগ করেছেন, স্থানীয় মৃত আজিজুল ইসলামের ছেলে মো. নূরুল ইসলাম মহরি (৫৫) কয়েকদিন আগে তুচ্ছ ঘটনায় তাকে মারধর করে হুমকি দিয়েছিল। শুক্রবার বিকেলে নূরুল ইসলাম মহরির ছেলেদের ও ১/হাবিবুর রহমান (৪৫), নুরুল ইসলাম মুহুরী, তৌফিক মিয়া (৩৫), শফিকুল ইসলাম (৪০), সাইদুর (২৫), নুরুল ইসলাম, রফিক মিয়া(৫০) পিতা মৃত মনতাজ উদ্দিন—পুকুরের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। জহিরুলের ধারণা, প্রতিশোধ নিতে নূরুল ইসলাম মহরির ছেলে ও সহযোগীরা পুকুরে বিষ প্রয়োগ করেছে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, “অভিযোগ পাওয়ার পরই পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা বলছেন, মাছচাষিদের জীবিকা ধ্বংসের এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকারি প্রশাসনকে তৎপর হওয়ার আহ্বান জানানো হয়েছে।
মাছচাষি জহিরুল ইসলামও আশা প্রকাশ করেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এমন প্রতিশোধমূলক কর্মকাণ্ড বন্ধ হবে।