ওএমএস ডিলার রোমান ৫০০ কেজি চাল–৬৪০ কেজি আটা কালোবাজারে নিতে গিয়ে আটক

নিজস্ব প্রতিবেদক:


রাজধানীর শ্যামপুর এলাকায় ওএমএসের নতুন ডিলার রোমান ৫০০ কেজি চাল ও ৬৪০ কেজি আটা কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন—এমন অভিযোগে স্থানীয় জনগণ সন্দেহজনক অবস্থায় একটি ট্রাক আটক করেন। পরে খবর পেয়ে শ্যামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, ওএমএসের খাদ্যপণ্য দরিদ্র মানুষের জন্য বরাদ্দ থাকলেও ডিলাররা তা সঠিক দামে বিক্রি না করে বেশি লাভের আশায় দীর্ঘদিন ধরে কালোবাজারে পাচার করছেন।

এ বিষয়ে ট্রাকের সেল কর্মকর্তা জানান, তদারককারী কর্মকর্তা এস. এম. হামিদ দুপুর দুইটার দিকে একবার সেল পয়েন্টে এলেও বিক্রি শেষ পর্যন্ত আর উপস্থিত ছিলেন না। নিয়ম অনুযায়ী সেল ওপেন করা, পর্যবেক্ষণ করা এবং বিক্রি শেষে লেনদেন খাতায় নথিভুক্ত করা তাঁর দায়িত্ব। কিন্তু অভিযোগ অনুযায়ী তিনি ঘুষ নিয়ে স্থান ত্যাগ করেন। এতে সুযোগ পেয়ে ডিলাররা ইচ্ছামতো সরকারি পণ্য সরিয়ে নিতে সক্ষম হন।

স্থানীয়রা বলেন, “গরিবের মাল গরিবের কাছে ন্যায্য দামে না দিয়ে বেশি টাকায় কালোবাজারে বিক্রি করছে এসব ডিলার।”

পুলিশ জানিয়েছে, আটক ট্রাক ও মালামাল থানায় রাখা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *