নির্বাচনে স্বচ্ছতা আনতে ভোটারদের বোঝানো বড় কাজ : তথ্য সচিব

মোঃ ইসলাম উদ্দিন তালুকদার  :

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে হ্যাঁ-না ভোটের বিষয়টি বোঝানো বড় চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, এ ক্ষেত্রে জনসংযোগ কর্মকর্তা এবং আঞ্চলিক তথ্য কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

বৃহস্পতিবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সচিব এ কথা বলেন। সভায় প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীর সভাপতিত্ব করেন।

মাহবুবা ফারজানা বলেন, সরকার এই নির্বাচনের প্রক্রিয়াকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর। এজন্য সব অংশীদারকে সহযোগিতা করতে হবে। তিনি আরও বলেন, গত ১৫ বছরের নির্বাচন নিয়ে জনগণের মধ্যে কিছুটা তিক্ত অভিজ্ঞতা রয়েছে। তাই ভোটারদের ভোট কেন্দ্রে আসতে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া জরুরি।

সচিব বিশেষভাবে উল্লেখ করেন, তরুণ, নারী এবং অনগ্রসর অঞ্চলের ভোটারদের মধ্যে উৎসাহ সৃষ্টি করতে হবে। তিনি বলেন, হ্যাঁ-না ভোটের বিষয়টিও ভোটারদের সহজ ভাষায় বোঝানো দরকার, কারণ অনেকেই এখনও এ ধরনের ভোটের সঙ্গে পরিচিত নন।

তিনি আরও যোগ করেন, “আমরা চাই, দেশের মানুষ যেন ভোটের গুরুত্ব এবং তাদের ভোটাধিকার সম্পর্কে স্পষ্টভাবে সচেতন হয়। নির্বাচনে অংশগ্রহণ শুধু দায়িত্ব নয়, এটি দেশের ভবিষ্যতের সঙ্গে প্রত্যেক নাগরিকের সরাসরি সংযোগ। আমরা চাই, সকল ভোটার যেন নির্ভয়ে, স্বচ্ছভাবে এবং সম্পূর্ণ তথ্যের ভিত্তিতে ভোট দিতে পারে।”

এছাড়াও তিনি গুজব ও অপতথ্য প্রতিরোধে তথ্য কর্মকর্তাদের বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান। কর্মকর্তাদের নির্বাচনী আইন ও নিয়মকানুন সম্পর্কে সচেতন থাকারও পরামর্শ দেন।

তথ্য সচিব আরও জানান, এবারের নির্বাচনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে প্রচারণা চালাবে। নির্বাচনের পূর্বে ৩০টি জেলায় সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়ারও পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *