কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বরুড়া-৮ সংসদীয় আসনে আমজনতার পার্টির মনোনয়ন কিনেছেন বরুড়া উপজেলার সোনাইমুড়ী গ্রামের সন্তান ওমর ফারুক। দলীয় সূত্রে জানা গেছে, আমজনতার পার্টির শীর্ষ নেতা মোহাম্মদ তারেক রহমানের হাত থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন তিনি।
মনোনয়ন প্রদান সংক্রান্ত একটি ভিডিও মোহাম্মদ তারেক রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করলে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও প্রকাশের পরপরই স্থানীয় পর্যায়ে শুরু হয় আলোচনা, সমালোচনা এবং বিতর্ক। একাধিক স্থানীয় বাসিন্দা ব্যক্তিগত ফেসবুক পোস্টে দাবি করেন, ওমর ফারুক বিগত সময়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন।
এই অভিযোগ ঘিরে বরুড়া ও আশপাশের এলাকায় ক্ষোভের সুর স্পষ্ট হয়ে ওঠে। অনেকেই প্রশ্ন তুলছেন, নতুন রাজনৈতিক দলের মনোনয়নে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আদর্শিক অবস্থান ও রাজনৈতিক অতীত কতটা বিবেচনায় নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে চলছে তীব্র বিতর্ক।
এদিকে, এ বিষয়ে আমজনতার পার্টির অবস্থান জানতে দলের শীর্ষ নেতা মোহাম্মদ তারেক রহমানের সঙ্গে যোগাযোগের একাধিক চেষ্টা করা হয়। তার হোয়াটসঅ্যাপ নম্বরে বার্তা পাঠানো ও একাধিকবার ফোন দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
মনোনয়ন ঘোষণার পর কুমিল্লা-৮ আসনের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। এই বিতর্ক আগামী দিনের রাজনৈতিক সমীকরণে কী প্রভাব ফেলে, তা নিয়ে এখন তাকিয়ে আছেন স্থানীয় রাজনীতি সচেতন মহল।