আবদুল আজিজ:
চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ ডিসেম্বর সোমবার বিকেল ৪টার দিকে কেরানীহাটে অবস্থিত সি-ওয়ার্ল্ড রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাতকানিয়া উপজেলা সেক্রেটারি মুহাম্মদ তারেক হোসাইনের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) সংসদীয় আসনের সংসদ পদপ্রার্থী মজলুম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা শাখার আমীর মাওলানা কামাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেরানীহাট শহর শাখার সহ-সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮নং ঢেমশা ইউনিয়ন শাখার সেক্রেটারি হোসাইন আল হিশাম মুহাম্মদ জাবেদ প্রমুখ।
এছাড়াও সাতকানিয়া-লোহাগাড়ার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দেশের গণমানুষের একটি সংগঠন। দেশের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় সংগঠনটির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে সবসময় সোচ্চার থেকে মানুষের মৌলিক অধিকার রক্ষায় রাজপথে ভূমিকা রেখেছে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। আপনাদের লেখনীর মাধ্যমে দেশের সকল চিত্র ফুটে উঠবে। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আপনাদের সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।