মোহাম্মদ হোসেন হ্যাপী:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান জোরদার করেছে পুলিশ। এরই ধারাবাহিকতায় বন্দর থানা পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মনির হোসাইন সঙ্গীয় ফোর্সসহ গত ২৩ ডিসেম্বর ২০২৫ ইং রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে বন্দর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় বন্দর থানাধীন শান্তিনগর খেলার মাঠ সংলগ্ন পশ্চিম পাশে জুয়েল এর নৌযান শ্রমিক কর্মচারী অফিসের সামনে একটি ফাঁকা জায়গায় স্থানীয় জনগণ দুইজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করে রেখেছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনাস্থলে গিয়ে পুলিশ স্থানীয়দের হেফাজতে থাকা দুইজনকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়। গ্রেপ্তারকৃতরা হলেন—
১) মোঃ লিজান (২০), পিতা- মোঃ জাকির হোসেন, মাতা- হেলেনা বেগম
২) মোঃ টিটু (৪০), পিতা- তাওলদ হোসেন, মাতা- মৃত জরিনা বেগম
তারা উভয়েই নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন শান্তিনগর প্রাইমারি স্কুল সংলগ্ন মদনগঞ্জ ১৯নং ওয়ার্ড এলাকার বাসিন্দা।
পুলিশের হেফাজতে নেওয়ার পর গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি চালিয়ে একটি পুরাতন ব্যবহৃত মরিচাযুক্ত বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং ম্যাগজিনের ভেতরে থাকা দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দুই আসামি অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলি নিজেদের হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ধারণা করছে, তারা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এসব অস্ত্র বহন করছিল।
এ ঘটনায় বন্দর থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে বন্দর থানা পুলিশ জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ অস্ত্রের ব্যবহার বা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা বরদাস্ত করা হবে না। অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের এই অভিযানে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপর ভূমিকার প্রশংসা করেছেন।