সারা দেশে গুরুত্বপূর্ণ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন

স্বাধীন সংবাদ ডেস্ক:  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রাথমিকভাবে ঘোষিত মনোনয়নের তালিকায় বড় ধরনের পরিবর্তন এনেছে। দলের অভ্যন্তরে সমঝোতা এবং যুগপৎ আন্দোলনের সঙ্গে সমন্বয় রক্ষার উদ্দেশ্যে কিছু আসনে নতুন প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে।

রাজধানী ঢাকা-১২ আসনের ক্ষেত্রে বিএনপি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে মনোনয়ন থেকে প্রত্যাহার করেছে। এর আগে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব। দল সূত্রে জানা যায়, সমঝোতার মাধ্যমে এই পরিবর্তন আনা হয়েছে এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও আকবর শাহ-পাহাড়তলী আংশিক) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী কাজী সালাউদ্দিনের জায়গায় নতুন প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আসলাম চৌধুরী। তিনি শনিবার সকালে নিজ সীতাকুণ্ডের বাড়িতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। চট্টগ্রাম-১০ আসনেও বড় পরিবর্তন হয়েছে। প্রাথমিকভাবে এখানে মনোনয়ন পেয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে তাকে চট্টগ্রাম-১১ আসনে প্রার্থী করা হয়েছে। অপরদিকে চট্টগ্রাম-১০ আসনে নতুন প্রার্থী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমান, যিনি বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে।

যশোরের ছয়টি আসনের মধ্যে চারটিতেই বিএনপি প্রার্থী পরিবর্তন করেছে। যশোর-১ (শার্শা) আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। পরে পরিবর্তন করে আসনটি দেওয়া হয়েছে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে। যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে প্রথমে মনোনয়ন পান কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব, কিন্তু নতুন প্রার্থী হয়েছেন অভয়নগর উপজেলা কমিটির সভাপতি মতিয়ার রহমান ফারাজী। যশোর-৫ (মণিরামপুর) আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পান উপজেলা কমিটির সভাপতি অ্যাড. শহীদ ইকবাল হোসেন। পরে মনোনয়ন দেওয়া হয় জোটের শরিক জমিয়তে ওলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে। যশোর-৬ (কেশবপুর) আসনে প্রথমে মনোনয়ন পেয়েছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। পরে পরিবর্তন করে আসনটি পেয়েছেন কেন্দ্রীয় সদস্য ও উপজেলা কমিটির সভাপতি আবুল হোসেন আজাদ।

পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও জিয়ানগর) আসনে বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়নপত্র বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত হিসেবে শনিবার বিকেলে হস্তান্তরিত হয়। এর আগে এই আসনে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান সাবকে মন্ত্রী মোস্তফা জামাল হায়দারকে মনোনয়ন দেওয়া হয়েছিল। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছিল। প্রবীণ ও শারীরিকভাবে অসুস্থ হওয়ায় মনোনয়ন পরিবর্তন করে বিএনপি দলীয় প্রার্থীকে এই আসনে মনোনয়ন দিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থী পরিবর্তনের এই সিদ্ধান্ত গঠনমূলক সমঝোতার ফলাফল। যুগপৎ আন্দোলনের অংশীদারদের সঙ্গে সমন্বয় রক্ষা এবং স্থানীয় নেতাকর্মীদের আস্থা বজায় রাখতেই নতুন প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপি নেতৃত্বে আশাবাদ ব্যক্ত করা হয়েছে, নতুন প্রার্থীরা দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে আসতে সক্ষম হবেন এবং আসন্ন নির্বাচনে সফলতা আনতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *