মোহাম্মদ হোসেন হ্যাপী:
শীতের তীব্রতা ক্রমেই বাড়তে শুরু করেছে। এই সময়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন Rotaract Club of Dhaka Orchid। মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তারা নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় অবস্থিত গোকুল দাশের বাগ জামিয়া ইসলামিয়া মাদ্রাসা তে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে।
রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজন করা হয় এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। মাদ্রাসার শিক্ষার্থীসহ আশপাশের এলাকার দরিদ্র ও অসহায় মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। স্থানীয়রা জানান, শীতের এই কঠিন সময়ে কম্বল পাওয়া তাদের জন্য খুবই সহায়ক হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জামাল উদ্দিন, যিনি বক্তব্যে সমাজে দায়িত্বশীল ও সচেতন নাগরিকদের ভূমিকা প্রসঙ্গে আলোকপাত করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রোটারী ক্লাবের প্রেসিডেন্ট ইমরান হোসেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারিয়ান এবং NTV-এর হেড অফ ফিন্যান্স মোঃ গোলাম রওশন ইয়াজদানী। এছাড়া NTV-এর সিনিয়র নিউজ প্রেজেন্টার মীর তৌফিক হোসেন নিজ হাতে বিভিন্ন বয়সের স্থানীয় বাসিন্দাদের মধ্যে কম্বল বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন। তার এই মানবিক উদ্যোগে উপস্থিত সবাই গভীর উৎসাহ ও অনুপ্রেরণা অনুভব করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের যদি এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকে, তাহলে শীতের কষ্ট অনেকটাই কমানো সম্ভব। তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ এবং স্থানীয় এলাকাবাসী Rotaract Club of Dhaka Orchid-এর এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “মানবিকতার এমন চমৎকার উদাহরণ সমাজে সচেতনতা বৃদ্ধি করে এবং আমাদের যুবসমাজকেও অনুপ্রাণিত করে।”
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রায় শতাধিক মানুষ উপকৃত হয়েছে। এটি শুধুমাত্র একটি মানবিক উদ্যোগ নয়, বরং সমাজে পারস্পরিক সহমর্মিতা ও দায়িত্বশীলতার উদাহরণ স্থাপন করেছে।