গীতামন্ডল:
মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার সিরাজদিখান বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৯টি দোকান পুড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শনিবার (২৭ ডিসেম্বর) রাত পৌনে ১টার দিকে সিরাজদিখান উপজেলার সিরাজদিখান বাজারের নিউ মার্কেট রোড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত আনুমানিক পৌনে ১টার দিকে সিরাজদিখান বাজারের নিউ মার্কেট রোড এলাকার একটি কাঠের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ফার্নিচারের দোকান, হার্ডওয়্যার দোকান, কাঠের দোকান, টিনের দোকান, ডেকোরেটর দোকান, লাইটিং দোকানসহ ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে যায় এবং প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা ব্যাপী চেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিরাজদিখান ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার (ওয়্যারহাউজ ইনস্পেক্টর) মো. আরিফ আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিরাজদিখান দুটি ও টংগীবাড়ি উপজেলার দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে।