আব্দুর রশিদ:
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের ইটাগাছা বাঙালের মোড় এলাকায় ৭ নম্বর ওয়ার্ড বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।
ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিগত দিনের হামলা-মামলায় নির্যাতিত ও পরিচ্ছন্ন রাজনীতির ধারক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী মো. শাহজাহান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুর রউফ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়াকে দেশের মানুষ কতটা ভালোবাসে, তার জানাজায় কোটি মানুষের অংশগ্রহণই তার প্রমাণ। জেল-জুলুম সহ্য করেও তিনি দেশ ত্যাগ করেননি। আজ আমরা একজন অভিভাবককে হারিয়েছি, যার অভাব কখনো পূরণ হওয়ার নয়। তারা নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান এবং সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপি সাতক্ষীরার সাবেক সদস্য সচিব আব্দল্লাহ আল মামুন রাজু।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা তাঁতী দলের সাবেক সভাপতি রফিকুল আলম বাবু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শের আলী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল আহমেদ মানিক, ৭নং ওয়ার্ড বিএনপির নেতা আনারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।