আকাশছোঁয়া পারিশ্রমিক নিয়ে আলোচনায় তামান্না ভাটিয়া

স্বাধীন বিনোদন ডেস্ক:  

ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে গেলেও পেশাদার জীবনে এক মুহূর্তের জন্যও থেমে থাকেননি দক্ষিণ ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাওয়ার পর ব্যক্তিগতভাবে কঠিন সময় পার করলেও তার প্রভাব পড়তে দেননি ক্যারিয়ারে। বরং কাজের মাধ্যমেই নিজের অবস্থান আরও দৃঢ় করেছেন তিনি।

‘আজ কি রাত’, ‘কাভাল্লা’ ও ‘তুফান’-এর মতো জনপ্রিয় আইটেম গানে পারফরম্যান্স দিয়ে সাম্প্রতিক সময়ে দর্শকদের মধ্যে নতুন করে আলোচনায় এসেছেন তামান্না। শুধু সিনেমা নয়, ওয়েব সিরিজ ও মঞ্চ পারফরম্যান্সেও তার চাহিদা ক্রমেই বাড়ছে। ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে জানা গেছে, ২০২৬ সালেও তামান্নার হাতে রয়েছে একাধিক বড় বাজেটের সিনেমা ও ডিজিটাল প্রজেক্ট।

তবে নতুন বছরে তার কাজের তালিকার চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে পারিশ্রমিক। জানা যায়, এখন আর সিনেমা বা দিনভিত্তিক চুক্তিতে নয়, বরং মিনিট হিসাবেই পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত একটি হাই-প্রোফাইল অনুষ্ঠানে মাত্র ছয় মিনিটের নৃত্য পরিবেশনের জন্য তিনি পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ৬ কোটি টাকা। অর্থাৎ প্রতি মিনিটে তার পারিশ্রমিক দাঁড়ায় ১ কোটি টাকা।

ওই অনুষ্ঠানে বহু নামকরা তারকা উপস্থিত থাকলেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন তামান্নাই। টিকিটের মূল্য তুলনামূলক বেশি হওয়া সত্ত্বেও তার উপস্থিতির কারণে একটি টিকিটও অবিক্রিত থাকেনি। মঞ্চে তার পারফরম্যান্স দর্শকদের উন্মাদনা কয়েকগুণ বাড়িয়ে দেয়।

বর্তমান সময়ে মঞ্চ পারফরম্যান্সের জন্য এত বড় অঙ্কের পারিশ্রমিক কোনো অভিনেত্রী পান কি না, তা নিয়েও বিনোদন অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। অনেকের মতে, ক্যারিয়ারের এই পর্যায়ে তামান্না ভাটিয়া রয়েছেন একেবারে শীর্ষে। বিচ্ছেদের বিষাদ পেছনে ফেলে তিনি এখন পুরোপুরি মনোযোগী নিজের কাজ, সাফল্য ও নতুন উচ্চতা ছোঁয়ার লক্ষ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *