বিদেশে নেওয়ার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে মেক্সিকোতে পলাতক নাসির

আব্দুল আওয়াল: 

বিদেশে কাজের ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে মেক্সিকোতে পালিয়ে গেছেন নাসির নামের এক ব্যক্তি—এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

দুবাই অবস্থান করা ভুক্তভোগী মুরাদের ভাষ্য অনুযায়ী, নাসির দীর্ঘদিন ধরে মেক্সিকো, ইউরোপ, আমেরিকা ও দুবাইসহ বিভিন্ন দেশে কাজের ভিসা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করে আসছিল। অনেকেই ভালো ভবিষ্যতের আশায় নিজেদের শেষ সম্বল ভিটেমাটি বিক্রি করেছেন, আবার কেউ কেউ ঋণ করে তার হাতে টাকা তুলে দেন।

অভিযোগে বলা হয়, নির্ধারিত সময় পার হয়ে গেলেও ভিসা বা বিদেশে যাওয়ার কোনো অগ্রগতি না হওয়ায় নাসিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, সে দেশ ছেড়ে পালিয়ে গেছে। সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, অভিযুক্ত নাসির বর্তমানে মেক্সিকোতে অবস্থান করছে এবং সেখানে বিয়ে করেছে বলেও দাবি করা হচ্ছে।

এই প্রতারণার ঘটনায় সর্বস্ব হারিয়ে চরম দুর্দশায় পড়েছেন বহু পরিবার। অনেকের সংসার এখন পথে বসার উপক্রম, সন্তানদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে, কেউ কেউ মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের দাবি, নাসিরের মতো প্রতারকের ফাঁদে পড়ে যেন আর কেউ নিঃস্ব না হয়, সে জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং অভিযুক্তকে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা। একই সঙ্গে সাধারণ মানুষকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে যাচাই-বাছাই ছাড়া কারও কাছে টাকা না দেওয়ার আহ্বান জানান ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগীরা ন্যায়বিচার প্রত্যাশা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *