মোহাম্মদ হোসেন হ্যাপী:
তীব্র শীতের প্রভাবে যখন জনজীবন বিপর্যস্ত, বিশেষ করে ছিন্নমূল, দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট যখন চরমে—ঠিক সেই সময় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো নারায়ণগঞ্জ জেলা পুলিশ। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মধ্যরাতে রাজপথে নেমে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
গতকাল ০৮ জানুয়ারি ২০২৬, গভীর রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ০২ নং রেলগেইট এলাকায় জেলা পুলিশের উদ্যোগে এই মানবিক কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার মহোদয় নিজ হাতে রাস্তায় অবস্থানরত ছিন্নমূল, দরিদ্র, অসহায় ও বয়স্ক মানুষদের মাঝে ২০০ (দুইশত)টি কম্বল বিতরণ করেন।
হাড় কাঁপানো শীতের মধ্যে হঠাৎ এই মানবিক সহায়তা পেয়ে অনেক অসহায় মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন। কম্বল পেয়ে তাদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। তারা এই মহৎ উদ্যোগের জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও বিশেষভাবে পুলিশ সুপার মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া প্রকাশ করেন।
কম্বল বিতরণকালে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন,
“শীত মৌসুমে রাস্তায় থাকা অসহায় মানুষের কষ্ট লাঘব করা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। মানুষের সেবা করাই পুলিশের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত, যাতে কোনো মানুষ শীতের কষ্টে প্রাণ হারাতে না হয়।
এই মানবিক কার্যক্রমে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। রাতের নিরবতায় পুলিশের এমন মানবিক উপস্থিতি এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়ায়।
সচেতন মহলের মতে, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ আবারও প্রমাণ করেছে—পুলিশ জনগণের বন্ধু। শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতা, দায়িত্ববোধ ও জনসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো নারায়ণগঞ্জ জেলা পুলিশ।