স্বাধীন সংবাদ খেলা:
২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আগামী মার্চে যুক্তরাষ্ট্রে চারটি আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ খেলবে বিশ্বকাপের সম্ভাব্য চার শক্তিশালী দল। ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে অনুষ্ঠিত এই সিরিজটির নাম দেওয়া হয়েছে ‘রোড টু ২৬’। তিনটি ভিন্ন শহরে আয়োজিত এই সিরিজে অংশ নিচ্ছে ব্রাজিল, ফ্রান্স, কলম্বিয়া ও ক্রোয়েশিয়া।
সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বোস্টন, অরল্যান্ডো ও ওয়াশিংটন ডিসিতে। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৬ মার্চ। ওই দিন বোস্টনের ফক্সবরোতে অবস্থিত ঐতিহ্যবাহী জিলেট স্টেডিয়ামে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও বর্তমান বিশ্বকাপ রানার্সআপ ফ্রান্স। ম্যাচটি স্থানীয় সময় বিকেল ৪টায় শুরু হবে।
ব্রাজিল ও ফ্রান্সের লড়াইয়ের রয়েছে সমৃদ্ধ ইতিহাস। ১৯৯৮ বিশ্বকাপের ফাইনাল এবং ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সর্বশেষ ২০১৫ সালে প্যারিসে খেলেছিল তারা। ফ্রান্সের জন্য ম্যাচটি বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ এই মাঠেই তারা ২০২৬ বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে গ্রুপ ম্যাচ খেলবে।
ফ্রান্স দলে রয়েছেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও ২০২৫ সালের ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে। ইউরোপীয় বাছাইপর্বে গ্রুপ সেরা হয়ে দারুণ ফর্মে রয়েছে দলটি। অন্যদিকে দক্ষিণ আমেরিকার বাছাইয়ে পঞ্চম স্থানে থাকলেও নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় আছে ব্রাজিল।
একই দিনে অরল্যান্ডোতে সিরিজের দ্বিতীয় ম্যাচে কলম্বিয়া মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। এটি হবে দুই দলের প্রথম আন্তর্জাতিক সাক্ষাৎ। কলম্বিয়ার আক্রমণভাগে আছেন লুইস দিয়াজ, আর ক্রোয়েশিয়া ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ও ২০২২ বিশ্বকাপের তৃতীয় স্থান অধিকারী দল।
২৯ মার্চ ওয়াশিংটন ডিসির ল্যান্ডোভার শহরে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। সিরিজের শেষ ম্যাচটি হবে ৩১ মার্চ, যেখানে অরল্যান্ডোতে ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পুনরাবৃত্তিতে মুখোমুখি হবে ব্রাজিল ও ক্রোয়েশিয়া।
চারটি ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ১৩ জানুয়ারি, স্থানীয় সময় সকাল ১০টা থেকে। প্রি-সেলের জন্য আগাম নিবন্ধনের সুযোগও থাকছে।