মোহাম্মদ হোসেন হ্যাপী:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ পুলিশের দায়িত্ব ও সততা নিশ্চিত করতে নারায়ণগঞ্জে বিশেষ সভায় অংশগ্রহণ করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই বিশেষ অপরাধ সভায় তিনি পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে পুলিশ বাহিনীর সুনামের জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন।
সভায় বক্তব্যের শুরুতেই ডিআইজি মহোদয় মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়াও তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশের শান্তি ও সুশাসনের জন্য সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
ডিআইজি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ গুরুত্বারোপ করে বলেন, “নির্বাচনকে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও সুষ্ঠু করতে পুলিশ বাহিনী যে কোনো প্রয়োজনে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।”
সভায় জেলা পুলিশের ইউনিট ইনচার্জগণ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলার পুলিশের সামষ্টিক সমস্যা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে ডিআইজি মহোদয় সংশ্লিষ্ট অফিসারদের তৎপরতা অবলম্বনের নির্দেশ দেন এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় সরাসরি মাননীয় আইজিপি মহোদয়কে অবহিত করার আশ্বাস প্রদান করেন।
সভা শেষে ডিআইজি নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে উপস্থিত হয়ে বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। এই সভায় জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা উপস্থিত থেকে তাদের অভিজ্ঞতা ও দায়িত্ব পালনের সময় যে চ্যালেঞ্জগুলো তাদের মোকাবেলা করতে হয় তা তুলে ধরেন। ডিআইজি মহোদয় প্রয়োজনীয় সমাধান এবং নির্দেশনা প্রদান করেন, যাতে পুলিশ বাহিনী নির্বাচনকালীন সময়ে সর্বোচ্চ সততা ও পেশাদারিত্ব বজায় রাখতে পারে।
এ সময় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়সহ জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ডিআইজির এই উদ্যোগ ও নির্দেশনা পুলিশ বাহিনীর মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দেশের জনগণকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেবে।