মোঃ আব্দুল গফুর সিকদার:
মনপুরা উপজেলার ৫নং কলাতলী ইউনিয়নে গণসমাবেশের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী মোঃ নুরুল ইসলাম নয়ন।
আজ বৃহস্পতিবার, ২২/০১/২০২৬ ইং, সকাল ১১.৩০টায় কলাতলী আবাসন ঘাট পৌঁছলে তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরন করে নিলেন সর্বস্তরের জনসাধারণ।
কলাতলীর বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার মানুষ সমাবেশে যোগ দেন। উচ্ছ্বসিত নারী অংশগ্রহণকারীর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক, মনপুরা উপজেলা বিএনপি, যিনি কলাতলীবাসীর জন্য তিনটি প্রধান দাবি তুলে ধরেন। সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন বলেন, আমাদের প্রধান দাবি হলো:
১) কলাতলীর চারপাশে স্থায়ী বেড়ি বাঁধ নির্মাণ করা,
২) প্রত্যেক বাজার ও ঘাটের সাথে সংযোগকারী রাস্তাগুলো পাকা করা,
৩) চরের খাস জমি ভূমিহীনদের মাঝে বরাদ্দ দেওয়া।
আরও বক্তব্য রাখেন মনপুরা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন বাচ্চু চৌধুরী।
এলাকাবাসীর বহুল প্রতীক্ষিত নেতা নুরুল ইসলাম নয়ন তার বক্তব্যের শুরুতে সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নত হোক। এই অঞ্চলে মাছ ধরা ও সামান্য কৃষিকাজ ছাড়া অন্য কোন পেশা নেই। এই অঞ্চলে বিদ্যুৎ ব্যবস্থার স্থায়ী সমাধান হোক। ভোলা থেকে বিচ্ছিন্ন মনপুরা ও কলাতলীর যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন চাই। এই অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি; এই সৌন্দর্যকে কাজে লাগিয়ে ইকো ট্যুরিজম গড়ে তুলবো। তথ্য-প্রযুক্তি নির্ভর, বেকার-মুক্ত উপজেলা গড়বো। স্থায়ী বেড়ি বাঁধ ও একটি ইউনিয়ন কমিউনিটি হাসপাতাল করবো। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সবার জীবনমান নিশ্চিত করব। আমাদের বড় পরিকল্পনা আছে।”
তিনি আশ্বাস দিয়ে বলেন, “আমি যা যা বলেছি তা করে দেখাবো, আর যদি না করি, পরের বার আর ভোট চাইতে আসবো না।”