আমির হোসেন:
ঝালকাঠির নলছিটিতে সেনাবাহিনীর অভিযানে ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা, মাদক তৈরি ও সেবনের সরঞ্জামসহ তাদের আটক করা হয়। অভিযানে ইয়াবা, গাঁজা, দেশি-বিদেশি অস্ত্র, মাদক সেবনের সরঞ্জাম, মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার তিমিরকাঠি গ্রামের মোহাম্মদ আলী তালুকদারের পুত্র সোহাগ তালুকদার, জালাল হাওলাদারের পুত্র শিপন হোসেন, ভরতকাঠি গ্রামের মোতাহার আলী সিকদারের পুত্র বশির সিকদার এবং দপদপিয়া গ্রামের আমির আলী সিকদারের পুত্র রাকিব সিকদার।
অভিযানে নেতৃত্বদানকারী ক্যাপ্টেন তানভীর ও ক্যাপ্টেন সাইয়ার জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বরিশাল–কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট ও এর আশপাশের মহল্লায় নলছিটির অস্থায়ী আর্মি ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধার করা হয় ২৩ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, ১০০ গ্রাম তামাক, ৬টি দেশি-বিদেশি অস্ত্র, ৬টি মোবাইল ফোন, গাঁজা প্রস্তুত ও ইয়াবা সেবনের সরঞ্জাম, মাদক বিক্রির নগদ ১৩ হাজার ২৬৪ টাকা, এনআইডি, ড্রাইভিং লাইসেন্স, ভুয়া সাংবাদিকতায় ব্যবহৃত ভিজিটিং কার্ড ও মাইক্রোফোন ইত্যাদি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা মাদক সেবন ও ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজিসহ নিজেদের নানা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ সময় দুইজন মাদক কারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় বলে সেনা কর্মকর্তারা জানান।
সেনাবাহিনী জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে গ্রেফতারকৃত ৪ জন মাদক কারবারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতেই নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে সোমবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হবে।