ইমাম হোসেন ইমন:
ফেনী জেলার ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নির্বাচনী তৎপরতা জোরদার হচ্ছে। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী রফিকুল আলম মজনুর পক্ষে বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন দলটির নেতাকর্মীরা।
এরই অংশ হিসেবে গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে ছাগলনাইয়া উপজেলার ১০ নং ঘোপাল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়। এ প্রচারণায় নেতৃত্ব দেন ছাগলনাইয়া উপজেলা বিএনপির সদস্য এবং সাবেক ১০ নং ঘোপাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী।
প্রচারণাকালে স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন নেতাকর্মীরা এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন। এ সময় এলাকার উন্নয়ন, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়।
এই প্রচারণায় ১০ নং ঘোপাল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।
দলীয় সূত্রে জানা যায়, ফেনী-১ সংসদীয় আসনের ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হবে।