নারায়ণগঞ্জে গিয়াস ও রেজাউল পন্থী ২৪ নেতাকর্মী বহিষ্কার, নেপথ্যে মান্নান

সুলতান মাহমুদ:

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিরোধিতা করায় কেন্দ্রীয় বিএনপি ২৪ জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে। তারা সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম ও সাবেক এমপি গিয়াস উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত এবং স্বতন্ত্র প্রার্থী ‘ঘোড়া’ প্রতীকের পক্ষে কাজ করছিলেন বলে অভিযোগ রয়েছে। গত দুই দিনে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।

এদিকে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের বেশ কিছু নেতাকর্মীও সন্দেহের তালিকায় রয়েছেন। অভিযোগ উঠেছে, তারা মুখে ধানের শীষের কথা বললেও কার্যত প্রার্থীর পক্ষে কাজ করছেন না। সংশ্লিষ্ট মহলের ধারণা, মামুন মাহমুদের অনুসারী আরও বেশ কিছু নেতাকর্মী অচিরেই বহিষ্কৃত হতে পারেন।

বহিষ্কারের বিস্তারিত

বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়েছে, ২৯ জানুয়ারি বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ উপজেলায় সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০ জন এবং ২৮ জানুয়ারি বুধবার ৪ জন যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃত উল্লেখযোগ্য নেতারা হলেন:

  • সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি: সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জি এম সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান শরিফ, সাংগঠনিক সম্পাদক আলী আকবর, সদস্য শামিম আহম্মেদ ঢালি।

  • ওয়ার্ড পর্যায় (সিদ্ধিরগঞ্জ): ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুন্সি আলী আইয়ুব, ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাসুদ করিম ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, ২ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আলী, ৯ নং ওয়ার্ডের সভাপতি মাসুদুজ্জামান মন্টু, ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, ১০ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জামাল প্রধান এবং ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জামান মির্জা।

  • সোনারগাঁ উপজেলা বিএনপি: সহ-সভাপতি বজলুর রহমান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাদ্দাম হোসেন ও জিয়াউল ইসলাম চয়ন, সদস্য খন্দকার আবু জাফর।

  • সোনারগাঁ পৌর বিএনপি: সহ-সভাপতি পনির হোসেন ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক।

যুবদল নেতাদের বহিষ্কার

এর আগে ২৮ জানুয়ারি বুধবার কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপনসহ ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

অন্যান্য বহিষ্কৃত যুবদল নেতারা হলেন—যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দুলু এবং নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আপেল।

বিতর্কিত অন্তর্ভুক্তি

অভিযোগ উঠেছে, ত্যাগী নেতাদের বহিষ্কার করা হলেও ‘হাইব্রিড’ নেতাদের ছাড় দেওয়া হচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, আতাউর রহমানের মধ্যস্থতায় নজরুল ইসলাম টিটুর ছেলে লিটুকে বিএনপিতে জায়গা করে দিচ্ছেন প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, যা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *