টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা: আমিরে প্রধানের আগমনে পৌর উদ্যানে জনস্রোত

মোঃ ফারুক আহমেদ :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরে প্রধান ডা. শফিকুর রহমান টাঙ্গাইলে শক্তিশালী নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। তার আগমনকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার বিভিন্ন ইসলামিকেন্দ্রিক দল ও জামায়াতের অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী শহরে সমবেত হন।
বুধবার দুপুরে টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত টাঙ্গাইল পৌর উদ্যানে অনুষ্ঠিত এ জনসভায় শত শত ধর্মপ্রাণ মুসল্লি, সমর্থক ও দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে দেশ থেকে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসসহ সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড নির্মূল করা হবে।
তিনি বলেন, দেশ আজ নৈতিক অবক্ষয়ের চরম পর্যায়ে পৌঁছেছে। ইসলামের আদর্শ ও ন্যায়নীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা গেলে জনগণের জানমাল, ইজ্জত ও অধিকার নিরাপদ থাকবে। জামায়াতে ইসলাম একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে, যেখানে শোষণ, বৈষম্য ও দুর্নীতির কোনো স্থান থাকবে না—এমন প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বই পারে দেশকে সঠিক পথে পরিচালিত করতে। এ জন্য তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।
এ সময় টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনের জন্য জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। জনসভা চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কর্মসূচি শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে সভাস্থল ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *