বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে রাজশাহী বিভাগে একাধিক আদালত গঠন

মো. নুরে ইসলাম মিলন, রাজশাহী ব্যুরো:

বাণিজ্যিক বিরোধ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির লক্ষ্যে সরকার প্রথমবারের মতো সারা দেশে বাণিজ্যিক আদালত গঠন করেছে। গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখিত ‘বাণিজ্যিক আদালত অধ্যাদেশ, ২০২৬’-এর ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এসব আদালত স্থাপন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা মহানগরে তিনটি এবং চট্টগ্রাম মহানগরে দুটি বাণিজ্যিক আদালত গঠন করা হয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য মহানগর ও জেলা পর্যায়ে আরও ৭০টি আদালত স্থাপন করা হয়েছে। এর ফলে সারা দেশে মোট ৭৫টি বাণিজ্যিক আদালত কার্যক্রম শুরু করতে যাচ্ছে, যা দেশের বিচার ব্যবস্থায় একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

এই উদ্যোগের আওতায় রাজশাহী বিভাগে একযোগে একাধিক বাণিজ্যিক আদালত গঠন করা হয়েছে, যা উত্তরবঙ্গের ব্যবসা ও শিল্পখাতে বিশেষ গুরুত্ব বহন করছে। প্রজ্ঞাপন অনুযায়ী রাজশাহী জেলা ও রাজশাহী মহানগরে পৃথক বাণিজ্যিক আদালত স্থাপন করা হয়েছে। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নাটোর, নওগাঁ ও পাবনা জেলায় বাণিজ্যিক আদালত গঠন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজশাহী বিভাগে কৃষিভিত্তিক ব্যবসা, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং আন্তঃজেলা বাণিজ্যিক কার্যক্রমের বিস্তার ঘটলেও বাণিজ্যিক মামলা নিষ্পত্তিতে দীর্ঘদিন ধরে জটিলতা ছিল। নতুন বাণিজ্যিক আদালত চালু হওয়ায় চুক্তিভিত্তিক বিরোধ, আর্থিক দাবি-দাওয়া, কোম্পানি সংক্রান্ত মামলা ও অন্যান্য বাণিজ্যিক বিরোধ দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা বলছেন, রাজশাহী বিভাগে বাণিজ্যিক আদালত স্থাপনের ফলে ঢাকামুখী মামলা নির্ভরতা কমবে এবং স্থানীয় পর্যায়েই ন্যায়বিচার নিশ্চিত করা যাবে। এতে সময় ও ব্যয় উভয়ই সাশ্রয় হবে, যা উত্তরবঙ্গকে আরও বিনিয়োগবান্ধব অঞ্চল হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

সরকারের এই পদক্ষেপ রাজশাহী বিভাগসহ পুরো উত্তরবঙ্গের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনবে এবং বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে একটি কার্যকর ও আধুনিক বিচারিক কাঠামো তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *