নাটোর প্রতিনিধি:
শিশুরা ৫ বছর বয়স পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে সরকারি পৃষ্ঠপোষকতায় পূর্ণ চিকিৎসা সুযোগ পাবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নাটোর সহ ৬৪ জেলায় সরকারি মেডিকেল কলেজ করা হবে। আমরা জাময়াতে ইসলামীর বিজয় চাই না,আমরা চাই বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিজয়। “যে এলাকা যতটা বঞ্চিত, আগে উন্নয়ন সেখানেই যাবে। যার যেটা পাওনা, তাকে সেটা বুঝিয়ে দিতে হবে—এটাই ন্যায়বিচার।”
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, লুটেরা, ব্যাংক ডাকাত ও শেয়ারবাজার লুণ্ঠনকারীরা দেশের প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আল্লাহ যদি সাহায্য করেন এবং ক্ষমতা দেন, তাহলে সেই পাচারকৃত টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
ন্যায়বিচার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “আমরা এমন বিচার ব্যবস্থা চাই, যেখানে সাধারণ মানুষ ও ক্ষমতাধর কেউই আলাদা সুবিধা পাবে না। একজন সাধারণ মানুষ যে অপরাধে যে শাস্তি পায়, একই অপরাধ করলে প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতিকেও সেই একই বিচারের মুখোমুখি হতে হবে। এর নামই ন্যায়বিচার, আর জাতি সেই বিচার দেখার জন্য মুখিয়ে আছে।”
লুটেরাদের বিরুদ্ধে ভোটাররা প্রস্তুত বলে মন্তব্য করে তিনি বলেন, “যারা আগেও দেশের টাকা চুরি করেছে, তারাই এখনো করছে। ১২ তারিখ দেশের সাড়ে ১২ কোটি ভোটার তাদের জন্য সাড়ে ১২ কোটি লাল কার্ড তৈরি করে রেখেছে।”
যুব সমাজকে দেশ গড়ার সুযোগ দেওয়ার অঙ্গীকার করে ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের যুবকরাই পারতো এই বাংলাদেশকে সোনার বাংলাদেশে রূপ দিতে। কিন্তু তাদের সেই সুযোগ দেওয়া হয়নি। আমরা সেই সুযোগ নিশ্চিত করবো, ইনশাআল্লাহ।”
এছাড়া নির্বাচিত হলে শিশু ও বয়স্কদের জন্য পূর্ণাঙ্গ সরকারি চিকিৎসাসেবার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুরা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা পাবে। পাশাপাশি ৬০-৬৫ বছর বয়সের পর বয়স্ক নাগরিকদের স্বাস্থ্যসেবার পূর্ণ দায়িত্ব সরকার গ্রহণ করবে।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ, চাকসুর ভিপি ইব্রাহিম রনি ছাড়াও জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নির্বাচনকে ঘিরে নাটোরের জামায়াতের এই সমাবেশ জনসমূদ্রে পরিনত হয়।