নারায়ণগঞ্জে ১০ কোটি টাকার ভারতীয় শাড়িসহ পাচারকারী আটক

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জে শুল্ককর ফাঁকি দিয়ে পাচার হওয়া বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় প্রায় ১০ কোটি টাকা মূল্যের শাড়িসহ একজন পাচারকারীকে আটক করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি দল নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে একটি সন্দেহজনক কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালায়।

এ সময় ভ্যানের ভেতর থেকে অবৈধভাবে শুল্ককর ফাঁকি দিয়ে আনা প্রায় ৯ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, শাড়িগুলো দেশের বাজারে বিক্রির উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল। অভিযানে কাভার্ডভ্যানসহ একজন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত শাড়ি বংশাল সার্কেল কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত কাভার্ডভ্যান ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ফতুল্লা থানায় হস্তান্তর করা হবে বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *