মোহাম্মদ হোসেন হ্যাপী:
আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নগরবাসীর যাতায়াত নির্বিঘ্ন ও জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে Urban Development and City Governance Project (UDCGP)-এর আওতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নূর কুতুবুল আলম।
পরিদর্শনকালে তিনি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ড্রেনেজ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নকাজের অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণ করেন এবং কাজের গুণগত মান, সময়ানুবর্তিতা ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন।
এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন, পবিত্র মাহে রমজানে নগরবাসীর চলাচল সহজ ও স্বাচ্ছন্দ্যময় রাখতে চলমান উন্নয়নকাজগুলো দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। তিনি স্পষ্টভাবে নির্দেশনা দেন, কোনোভাবেই যেন কাজের মানের সঙ্গে আপস না করা হয় এবং নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
তিনি আরও বলেন, “রমজান মাসে যানজট, ধুলাবালি ও খোঁড়াখুঁড়ির কারণে সাধারণ মানুষ যেন ভোগান্তিতে না পড়ে—এটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। নগরবাসীর স্বাচ্ছন্দ্য ও নিরাপদ চলাচল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্যতম অগ্রাধিকার। এ বিষয়ে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা বরদাস্ত করা হবে না।”
পরিদর্শনকালে কাজের অগ্রগতি সন্তোষজনক না হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ঠিকাদারদের সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে চলমান কাজের কারণে পথচারী ও যানবাহনের চলাচলে যেন বিঘ্ন না ঘটে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আজগর হোসেন, নগর পরিকল্পনাবিদ, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলীসহ UDCGP প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ। তারা কাজের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার বিষয়টি প্রধান নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, UDCGP প্রকল্পের আওতায় নগরীর সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা আধুনিকীকরণ ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্প সম্পন্ন হলে নগরবাসীর জীবনযাত্রার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।