নারায়ণগঞ্জ সদর উপজেলার জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ লাঘবে উপজেলা পরিষদের সরেজমিন পরিদর্শন

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সদর উপজেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ লাঘবে উপজেলা পরিষদের পক্ষ থেকে সরেজমিন পরিদর্শন করা হয়েছে।

অদ্য ২৪-০২-২৬, মঙ্গলবার ফতুল্লার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন এবং উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত। তারা মুসলিমনগর এলাকার বিভিন্ন সড়ক, ড্রেন ও খাল ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে এলাকাবাসী জানান, সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে চলাচল বিঘ্নিত হয়। ড্রেনেজ ব্যবস্থার অকার্যকারিতার কারণে দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতা স্থায়ী থাকে। এতে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ জনগণকে চরম ভোগান্তিতে পড়তে হয়। শিল্পপ্রতিষ্ঠানগুলোর অবৈধ দখল ও বর্জ্য ফেলার কারণে খাল সংকুচিত হয়ে পানি প্রবাহ ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ ওঠে।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, জনগুরুত্বপূর্ণ এ সড়কের দ্রুত উন্নয়ন ও ড্রেনেজ ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার কাজ গ্রহণ করা হবে। তিনি আরও জানান, অবৈধভাবে দখলকৃত খাল চিহ্নিত করে দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা যায়।

এছাড়া তিনি উল্লেখ করেন, উপজেলা প্রশাসন নিয়মিতভাবে বিভিন্ন এলাকা পরিদর্শন করে জনগুরুত্বপূর্ণ সড়ক, ড্রেন, সামাজিক অবকাঠামো ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় চিহ্নিত করছে। এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানের লক্ষ্যে উপজেলা পরিষদ থেকে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা হবে।

উপজেলা প্রকৌশলী জানান, কারিগরি সমীক্ষা সম্পন্ন করে দ্রুত সম্ভাব্য ব্যয় প্রাক্কলন প্রস্তুত করা হবে এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

এলাকাবাসী প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে স্থায়ী সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *