নারায়ণগঞ্জ জেলা পুলিশের জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলা পুলিশের জানুয়ারি/২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) দুপুর ২টা ০৫ মিনিটে জেলা পুলিশের উদ্যোগে জানুয়ারি মাসের বিভিন্ন মামলার অগ্রগতি পর্যালোচনা বিষয়ক “অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জানুয়ারি মাসে দায়েরকৃত বিভিন্ন মামলার তদন্ত অগ্রগতি, গ্রেফতার কার্যক্রম, মাদক ও অস্ত্র উদ্ধার সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন। তিনি মামলার তদন্ত দ্রুত সম্পন্ন ও চার্জশিট দাখিলের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি গুরুত্বারোপ করেন।

পরবর্তীতে বিকেল ৪টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাদের সামষ্টিক ও পেশাগত সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী তাঁর বক্তব্যে বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নারায়ণগঞ্জ জেলার সকল অফিসার ও ফোর্স পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে। যার ফলে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটেনি।” একটি সুন্দর নির্বাচনী পরিবেশ উপহার দেওয়ার জন্য তিনি জেলা পুলিশের সকল সদস্যকে ধন্যবাদ জানান।

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শহরের যানজট নিরসনে ট্রাফিক বিভাগকে আরও আন্তরিক ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেন পুলিশ সুপার। পাশাপাশি ঈদের কেনাকাটার সময় সাধারণ মানুষ যাতে চুরি, ছিনতাই বা দস্যুতার শিকার না হন, সেজন্য থানা ও ফাঁড়ি থেকে বের হওয়া মোবাইল টিমগুলোকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করা হয়।

এ সময় বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য জেলার কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ বজলুর রহমান, শ্রেষ্ঠ এএসআই হিসেবে সোনারগাঁও থানার এএসআই (নিঃ) কামরুজ্জামান, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) এস. এম. আব্দুল আজিজ, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার হিসেবে আড়াইহাজার থানার এসআই (নিঃ) ফরিদ মিয়া এবং ক্লু-লেস মামলা ডিটেকশনে বিশেষ অবদানের জন্য জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) রুবেল মিয়াকে সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া কুখ্যাত ডাকাত সাদ্দাম ও টাইগার মোমেনকে গ্রেফতারে বিশেষ ভূমিকা রাখায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ মাহাবুব আলমকে পুরস্কৃত করা হয়। শ্রেষ্ঠ ট্রাফিক প্রসিকিউশন অফিসার হিসেবে ট্রাফিক শাখার সার্জেন্ট মোঃ সাইফুল ইসলামকেও সম্মাননা প্রদান করা হয়।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *