ঈদগাঁও উপজেলা প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে এক তরুণীকে অপহরণ করে একাধিকবার ধর্ষণ এবং স্বর্ণালংকার চুরির ঘটনায় মূল অভিযুক্তসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে লুণ্ঠিত প্রায় তিন ভরি স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন আতিকুল্লাহ (২১), পিতা বদিউর রহমান, কক্সবাজার সদর; ছৈদুল করিম (২২), পিতা ছব্বির আহমেদ, ঈদগাঁও উপজেলা; এবং মোহাম্মদ মোতাহের হোসেন (২১), পিতা আইয়ুবুর রহমান, ঈদগাঁও উপজেলা।
পুলিশের বরাত দিয়ে জানা যায়, গত ৩ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে জালালাবাদ ইউনিয়ন–এর পূর্ব মোহনভিলা এলাকায় ভিকটিমকে তার বাড়ির সামনে থেকে অপহরণ করা হয়। পরে তাকে কক্সবাজার সদর থানাধীন মেরিন ড্রাইভ সংলগ্ন একটি অজ্ঞাত ভাড়া বাসায় আটকে রাখা হয়। সেখানে ৩ মার্চ রাত থেকে ৬ মার্চ সকাল পর্যন্ত অভিযুক্তরা তাকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে এবং তার কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ভিকটিমের মায়ের লুণ্ঠিত দুই ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, চার আনা ওজনের দুটি আংটি এবং ১২ আনা ওজনের এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এবং দণ্ডবিধি ১৮৬০–এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের ৭ মার্চ আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার বলেন, “এ ধরনের ঘটনা প্রতিহত করতে আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।”