সিটি কর্পোরেশনের পতেঙ্গা এলাকায় স্ত্রীকে হত্যা করলেন স্বামী

কামরুল ইসলাম:

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জেরে এক স্বামী নিজ স্ত্রীকে হত্যা করেন এবং তাদের ছোট শিশুকে সঙ্গে নিয়ে থানায় হাজির হন।

নিহত নারীর নাম হালিমা আক্তার (৩০)। তার পিতা আব্দুল মান্নান এবং মাতা নুর নাহার। অপরদিকে অভিযুক্ত স্বামীর নাম জহিরুল ইসলাম। তিনি স্থায়ীভাবে লক্ষীপুর জেলার রামগঞ্জ ইউনিয়নের সোনাপুর এলাকায় থাকেন। তাদের বসবাস ছিল চট্টগ্রাম নগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পতেঙ্গা থানার দক্ষিণ পাড়ায়।

সূত্র জানায়, শনিবার ইফতারের কিছুক্ষণ আগে বাসায় পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। হালিমার স্বামী তাকে দুইটি ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন।

ঘটনার পর অভিযুক্ত স্বামী তাদের ছোট শিশুকে সঙ্গে নিয়ে সরাসরি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয়দের মতে, গত প্রায় এক মাস ধরে দাম্পত্য জীবনে তাদের মধ্যে কলহ চলছিল। পতেঙ্গা থানার ওসি মোস্তফা আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *