মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা এবং বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পৃথকভাবে এ দুটি সভা আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে উন্নয়ন কার্যক্রম, বাজার পরিস্থিতি এবং আসন্ন উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
সভায় সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সামনে পবিত্র ঈদুল ফিতর, মহান স্বাধীনতা দিবস এবং হিন্দু সম্প্রদায়ের স্নানোৎসবসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব ও জাতীয় কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচি ঘিরে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সব ধরনের উৎসব ও ধর্মীয় কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জেলা প্রশাসক আরও বলেন, ইরি মৌসুমে কৃষকদের জন্য সার সরবরাহ যাতে নির্বিঘ্ন থাকে এবং কোনো ধরনের সংকট সৃষ্টি না হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সতর্ক থাকতে হবে। তিনি জানান, কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সময়মতো সার ও কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করা জরুরি। এছাড়া পবিত্র রমজান মাস উপলক্ষে দুধ, ডিম, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি বর্তমানে সহনীয় পর্যায়ে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসক।
এদিকে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত পৃথক আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, ভোক্তার অধিকার রক্ষা এবং বাজারে নিরাপদ পণ্য নিশ্চিত করতে জেলা প্রশাসন নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে। ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন, সংরক্ষণ এবং বিক্রয়ের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, “নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণে জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি, সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সিফাত উদ্দিন, জেলা কৃষি কর্মকর্তা আহসানুল বাসার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আসাদুজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ, জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় জেলার উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক সমন্বয়, বাজার তদারকি এবং নাগরিক সেবার মান উন্নয়নের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সুপারিশ উঠে আসে। কর্মকর্তারা জানান, জনগণের স্বার্থ রক্ষা এবং উন্নয়ন কার্যক্রম গতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের সমন্বয় সভা নিয়মিত আয়োজন করা হবে।