নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন মাহমুদ

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। রোববার (১৫ মার্চ) তাকে পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তার নিয়োগের খবর প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

অধ্যাপক মামুন মাহমুদ দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি অতীতে জেলা বিএনপির কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিগত সময়ে তিনি জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জেলা কমিটির গুরুত্বপূর্ণ পদে থেকে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় ভূমিকা রেখেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে স্থানীয় বিএনপির রাজনীতিতে তিনি পরিচিত মুখ।

রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে অতীতে তাকে নানা মামলার মুখোমুখি হতে হয়েছে। তার বিরুদ্ধে নাশকতা, হেফাজত বিস্ফোরক আইনের আওতায় প্রায় তিন ডজন মামলা দায়ের করা হয়েছিল, যেগুলোর বেশিরভাগই নারায়ণগঞ্জে দায়ের হয়। এসব মামলার কারণে তাকে দীর্ঘ সময় কারাবাসও করতে হয়েছে বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন। তবে বিএনপি নেতাদের দাবি, মামলাগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে অধ্যাপক মামুন মাহমুদ একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ হিসেবে পরিচিত। রাজনৈতিক অঙ্গনে তাকে সৎ সাদাসিধে জীবনযাপনের জন্য অনেকেই “ক্লিনম্যান” হিসেবেও আখ্যায়িত করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বড় কোনো বিতর্ক তার নামের সঙ্গে জড়ায়নি বলেও স্থানীয় নেতারা মন্তব্য করেছেন।

জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর নারায়ণগঞ্জের উন্নয়ন কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তারা মনে করেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং জেলা পর্যায়ের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে তার অভিজ্ঞতা কাজে লাগবে।

এদিকে তার নিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে শিগগিরই তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *