মোঃআনজার শাহ:
রাজধানী ঢাকাকে সকল শ্রেণি-পেশার মানুষের জন্য প্রকৃত অর্থেই বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সাশ্রয়ী মূল্যে আবাসন সুবিধা নিশ্চিত করার জোরালো আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেছেন, রাজধানীতে কেবল উচ্চবিত্তের জন্য নয়, মধ্যবিত্ত ও সাধারণ খেটে খাওয়া মানুষের জন্যও আবাসনের সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।
আজ রবিবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর কার্যালয়ে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এই আহ্বান জানান।
পরিকল্পিত নগরায়ণের উপর জোর,
মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, ঢাকা বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল মহানগরী। প্রতিনিয়ত জনসংখ্যার চাপ বাড়ছে, বাড়ছে আবাসনের চাহিদা। কিন্তু এই চাহিদার সুযোগ নিয়ে যদি শুধু বিলাসবহুল আবাসন প্রকল্পই গড়ে ওঠে, তাহলে সাধারণ মানুষ ঢাকায় বাস করার সুযোগ হারাবে। তাই পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে সব শ্রেণির মানুষের বসবাসের উপযোগী একটি সুষম নগর পরিবেশ গড়ে তোলা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।
তিনি আরও বলেন, নগরের সম্প্রসারণ ঘটছে ঠিকই, কিন্তু পরিকল্পনাহীন নগরায়ণ দীর্ঘমেয়াদে ঢাকাকে আরও বসবাসের অনুপযোগী করে তুলবে। তাই টেকসই নগর পরিকল্পনা এবং সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে সরকার ও বেসরকারি খাতকে একযোগে কাজ করতে হবে।
রিয়েল এস্টেট খাতের প্রতি আহ্বান,
রিহ্যাব প্রতিনিধিদলের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশের রিয়েল এস্টেট খাত অনেক দূর এগিয়েছে, এটি নিঃসন্দেহে আশাব্যঞ্জক। তবে এই খাতের সামাজিক দায়বদ্ধতাও রয়েছে। শুধু মুনাফার দিকে দৃষ্টি না রেখে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আবাসন প্রকল্প বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। সরকার এ বিষয়ে বেসরকারি উদ্যোক্তাদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করতে প্রস্তুত।
সরকারের গৃহীত উদ্যোগ,
মন্ত্রী জানান, সরকার ইতিমধ্যে নগর উন্নয়ন ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ এবং সরকারের নীতিসহায়তা একসঙ্গে চললে স্বল্প ও মধ্যআয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা কোনোভাবেই অসম্ভব নয়। একটি পরিকল্পিত, বাসযোগ্য ও মানবিক ঢাকা গড়াই এখন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
সাক্ষাৎকালে রিহ্যাবের প্রতিনিধিদল আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং খাতটির উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করেন।