মোহাম্মদ হোসেন হ্যাপী:
জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের সামনের ফুটপাথ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে। সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ফুটপাথ দখল করে গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী দোকান, স্টল ও অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঈদগাহের সামনের ফুটপাথ দখল করে বিভিন্ন দোকানপাট বসানো ছিল। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি যানজটেরও সৃষ্টি হতো। বিশেষ করে ঈদের সময় মুসল্লিদের ঈদগাহে আসা-যাওয়ার পথে ভোগান্তি বাড়ার আশঙ্কা থাকায় জেলা প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করে।
অভিযান চলাকালে প্রশাসনের কর্মকর্তারা ফুটপাথ দখলকারীদের সতর্ক করেন এবং ভবিষ্যতে পুনরায় ফুটপাথ দখল না করার জন্য নির্দেশনা দেন। একই সঙ্গে জনসাধারণের সুবিধার্থে ফুটপাথ দখলমুক্ত রাখার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
উক্ত অভিযান পরিচালনায় সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। অভিযান বাস্তবায়নে সহযোগিতা প্রদান করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং জেলা পুলিশ, নারায়ণগঞ্জ।
এ সময় প্রশাসনের কর্মকর্তারা বলেন, ফুটপাথ মূলত পথচারীদের চলাচলের জন্য। তাই জনস্বার্থে শহরের বিভিন্ন স্থানে ফুটপাথ দখলমুক্ত রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। বিশেষ করে ঈদকে সামনে রেখে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শহরের সৌন্দর্য বৃদ্ধি, যানজট নিরসন এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।